চড়া পারিশ্রমিক, শুটিংয়ে দুর্ব্যবহার! সিনেমার মাঝপথে ছাঁটাই জীতু কমল, পালটা ‘হেনস্তা’র অভিযোগ ‘আর্য’র

অভিনেতা জীতু কমলকে ঘিরে ফের বিতর্ক! মঙ্গলবার সকাল থেকেই বাংলা সিনেইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, সেটে কলাকুশলীদের সঙ্গে দুর্ব্যবহার, একঘণ্টা অতিরিক্ত শুটিংয়ের জন্য চড়া পারিশ্রমিকের বায়নাক্কায় নাকি সিনেমার মাঝপথেই বাদ পড়েছেন জীতু। এমনকী এও শোনা যায় যে, অভিনেতা নাকি পরিচালককে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন! ‘এরাও মানুষ: দ্য সার্চ উইদিন’ ছবির সেট থেকে এমনই কিছু বিস্ফোরক তথ্য চাউড় হয়েছে। আদৌ কি তাই? সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুললেন জীতু কমলও।
“গায়ে হাত দিতে আসা, গালিগালাজ দেওয়া, এগুলো কে মানবে? শুটিংয়ের শেষ দিন বলেই এগুলো করা যায়? আর পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার অভিযোগ করছে, কিন্তু কেন সেটা তো বলা হচ্ছে না! আমার কাছেও ভিডিও ফুটেজ আছে। আমায় সবার সামনে বলা হয়েছে- ‘এটা কি হারামের টাকা? মেরে তোমায় ঠান্ডা করে দেব! তোমার গায়ে কেউ হাত দেয়নি বলে তুমি এসব করে বেড়াচ্ছ।’ আমি ভেবেছি ঠাট্টা করছে।”
‘এরাও মানুষ’ ছবির পরিচালক সাইপ্রকাশ লাহিড়ীর অভিযোগ, “পয়লা দিন থেকেই জীতুর সঙ্গে কাজ করতে সমস্যা হচ্ছিল। স্পটবয় থেকে কলাকুশলী প্রত্যেকের সঙ্গেই ফ্লোরে রূঢ় আচরণ করছিলেন তিনি।” শিডিউল অনুযায়ী, আরও দিন দুয়েকের শুটিং বাকি ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে দশ ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না বলে জানান অভিনেতা। কিন্তু পরিচালকের দাবি, “এমন চুক্তি হয়নি।” পরিচালকের মন্তব্য, “এবিষয়ে কথা কাটাকাটির মাঝেই জীতু একঘণ্টা অতিরিক্ত শুটের জন্য গোটা একদিনের পারিশ্রমিক দাবি করেন। সেকারণেই ছবির মাঝপথে জীতুকে বাদ দিতে বাধ্য হন নির্মাতারা। কারণ ১ ঘণ্টার শুটের জন্য দেড় লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়। ফলত, শুটিংটাই ভেস্তে যায়।” এমতাবস্থায় সোমবার সেটে পরিস্থিতি আরও গুরুতর হয়।
জীতু কমল, ছবি: সোশাল মিডিয়া
শুটিং টিমের দাবি অনুযায়ী, এদিন সহকারী পরিচালক জীতুকে শুটিংয়ের কথা বলতে এলেই অভিনেতা পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার শর্ত রাখেন। এরপরই নাকি শুটিং ছেড়ে বেরিয়ে যান তিনি। ‘এরাও মানুষ’-এর সেট থেকে এমন অভিযোগ উঠতেই মুখ খুলেছেন জীতু কমল। পালটা হেনস্তার অভিযোগ এনেছেন অভিনেতাও। জীতু কমলের মন্তব্য, প্রথম দিন থেকে ডেটের সমস্যা ছিল। ডেট দিয়েও প্রোডাকশনের তরফে বারবার ডেট চেঞ্জ করে দেওয়া হচ্ছিল। সেটাও একদিন কিংবা দু’দিন নয়। ৫-৬ দিন এমন হয়রানির শিকার হই। এদিকে দিনের পর দিন ঘরে বসে রয়েছি। কাজে যেতে পারছি না। সোমবার শুটের শেষ দিনে ওদের কেন মনে হল আমি সহযোগিতা করছি না! তাছাড়া কোনওদিন ঠিক সময় গাড়ি দেয়নি। আমি নির্ধারিত সময়ে পৌঁছব কী করে? এরপরই আরও বিস্ফোরক অভিযোগ তোলেন জীতু কমল।
অভিনেতা জানান, “গায়ে হাত দিতে আসা, গালিগালাজ দেওয়া, এগুলো কে মানবে? শুটিংয়ের শেষ দিন বলেই এগুলো করা যায়? আর পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার অভিযোগ করছে, কিন্তু কেন সেটা তো বলা হচ্ছে না! আমার কাছেও ভিডিও ফুটেজ আছে। আমায় সবার সামনে বলা হয়েছে- ‘এটা কি হারামের টাকা? মেরে তোমায় ঠান্ডা করে দেব! তোমার গায়ে কেউ হাত দেয়নি বলে তুমি এসব করে বেড়াচ্ছ।’ আমি ভেবেছি ঠাট্টা করছে। তাই আমিও বলেছি, মারো মারো। এরপর আমার মুখের উপর জোরে দরজাটা বন্ধ করে দেওয়া হয়। তখনই আমি বেরিয়ে আসি। কারণ ওখানে শুটিংয়ের পরিবেশ ছিল না। শেষ দিনে এমন ঘটনা ঘটাল।” গোটা বিষয়টি ফোরামের কাছে জানিয়ে শুটিং থেকে বেরিয়ে গিয়েছেন বলে জানালেন জীতু কমল।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *