ভারতে নাশকতার ছক! জঙ্গিযোগে এনআইএ-র হাতে গ্রেপ্তার আমেরিকান-সহ ৭ বিদেশি

ভারতে নাশকতার ছক! জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ও সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৭ বিদেশি। সম্প্রতি ৬ ইউক্রেনীয় ও এক আমেরিকানকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, অভিযুক্তরা বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছিল। এরপর এখান থেকে মায়ানমারে গিয়ে সন্ত্রাসী প্রশিক্ষণ নেয়। শুধু তাই নয় জানা যাচ্ছে, অভিযুক্তরা ইউরোপ থেকে অবৈধ উপায়ে ড্রোন নিয়ে ভারতে এসেছিল। সেই ড্রোন তারা তুলে দেয় মায়ানমারের সন্ত্রাসী সংগঠনের হাতে। এমনকী ভারতের নিষিদ্ধ তালিকায় থাকা সন্ত্রাসীদেরও সাহায্য করেছিল অভিযুক্তরা।
অভিযুক্তরা ইউরোপ থেকে অবৈধ উপায়ে ড্রোন নিয়ে ভারতে এসেছিল। সেই ড্রোন তারা তুলে দেয় মায়ানমারের সন্ত্রাসী সংগঠনের হাতে।
বিষয়টি তদন্তকারীদের নজরে আসতেই অভিযুক্তরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে। এরপরই অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে নামেন এনআইএ আধিকারিকরা। অভিযুক্ত আমেরিকার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয় কলকাতা বিমান বন্দর থেকে। বাকিদের মধ্যে তিন জনকে লখনউ বিমানবন্দর ও অন্য তিনজনকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এনআইএ।
তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, শনিবার অভিযুক্তদের আদালতে হাজির করানো হলে, প্রাথমিক ভাবে তিনদিনের জন্য রিমান্ডে পাঠানো হয়। এরপর সোমবার ফের ১১ দিনের জন্য তাঁদের রিমান্ডে পাঠানো হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কোন কোন জঙ্গি সংগঠনের সঙ্গে এদের যোগ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *