সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, গরু বোঝাই গাড়িতে ধাক্কা ডাম্পারের, মৃত ৪

দেবব্রত দাস, খাতড়া: বাঁকুড়ার (Bankura) কোতুলপুরের রায়বাঘিনী মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা। গরু বোঝাই গাড়িতে ডাম্পারের ধাক্কায় মৃত ৪। গুরুতর জখম হয়েছেন ৩ জন। মৃত্যু হয়েছে ১৩ টি গরুর। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই আহতদের ভরতি করা হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, বুধবার সকালে বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল গরু ভরতি একটি গাড়ি। যাওয়ার পথে কোতুলপুর থানার রায়বাঘিনী মোড়ে ওই গাড়ির একটি চাকা ফেটে যায়। এরপর সেটিকে রাস্তার এক পাশে রেখে চাকা পালটানোর কাজ করা হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, সেই সময় আরামবাগমুখী একটি ডাম্পার দ্রুত গতিতে এসে পিছন থেকে ওই দাঁড়িয়ে থাকা গাড়িটিতে ধাক্কা দেয়। ব্যাপক ক্ষতি হয় দুটি গাড়ির। এদিকে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে যান।
প্রথমে এলাকার বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় থানায়। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ডাম্পারের ৩ জন ও গরু বোঝাই লরির খালাসির। গুরুতর জখম হন আরও ৩ জন। তাঁদের প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোতুলপুরের একটি হাসপাতালে। সেখান থেকে তাঁদের আরামবাগে রেফার করা হয়। তাঁদের মধ্যে একজনকে পাঠানো হচ্ছে কলকাতায়।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *