সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আতঙ্ক বাড়িয়ে আফ্রিকান সোয়াইন ফিভারের (African Swine Fever) সন্ধান মিলল কেরলে। জানা গিয়েছে, কেরলের দু’টি পশু খামারের শূকরের শরীরে মিলেছে আফ্রিকার সোয়াইন জ্বরের জীবাণু। অসুস্থ পশুদের পরীক্ষা করে এই বিষয়ে নিশ্চিত করছে ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজ। মারণ ভাইরাস যেতে ছড়াতে না পারে তার জন্য দু’টি পশু খামারের ৩০০ শূকরকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, একটি ফার্মের বেশ কিছু শূকরের মৃত্যুর পরেই পরীক্ষার মাধ্যমে আফ্রিকান সোয়াইন জ্বরের বিষয়ে নিশ্চিত হন পশু চিকিৎসকরা। উল্লেখ্য, এর আগে মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, ত্রিপুরা, উত্তরাখণ্ড, বিহার ও অসমে আফ্রিকার সোয়াইন জ্বরের খোঁজ পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞদের বক্তব্য, শূকরদের এই রোগের ভাইরাসের মারণ ক্ষমতা রয়েছে। এছাড়া এটি দ্রুত সংক্রামক। এখনও পর্যন্ত এই রোগের কোনও ওষুধ বা প্রতিষেধক তৈরি হয়নি। যা চিন্তার অন্যতম কারণ।
[আরও পড়ুন: ‘স্বাধীনতা দিবসের দু’দিন আগে থেকেই বাড়িতে টাঙান জাতীয় পতাকা’, আরজি প্রধানমন্ত্রীর]
কেরল সরকারের পশুপালন বিভাগ আফ্রিকান সোয়াইন জ্বরের বিষয়টি জানার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করে। দপ্তরের আধিকারিকেরা ইতিমধ্যে দু’টি খামারের ৩০০ শূকর নিধনের সিদ্ধান্ত নিয়েছেন। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে অন্য যাবতীয় ব্যবস্থা নিচ্ছে পশুপালন বিভাগ।
Source: Sangbad Pratidin
