ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: এবার করোনা থাবা বসাল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শরীরে। চিকিৎসকদের পরামর্শে এখন শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।
গত পয়লা জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন অমর্ত্য সেন ৷ লকডাউনের জেরে পৈতৃক ভিটেতে আসা হচ্ছিল না তাঁর। প্রায় দু’বছর পর এ মাসেই শান্তিনিকেতনে আসেন তিনি। কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে খুব একটা বাইরেও যাচ্ছিলেন না। এমনকী কারও সঙ্গে দেখা সাক্ষাৎও খুব কম করছিলেন৷ সূত্রের খবর, শনিবার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল অমর্ত্য সেনের। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। আবার ১০ জুলাই অর্থাৎ আগামী কাল লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় সে সবই সাময়িক বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা-কর্মী খুনে প্রথম গ্রেপ্তার, কুলতলি থেকে পাকড়াও আফতাবউদ্দিন]
Source: Sangbad Pratidin
