দুলাল দে: ঐতিহাসিক সিদ্ধান্ত নিল মোহনবাগান (Mohun Bagan) ক্লাব। বাংলা কেন, সারা ভারতেরই কোনও ক্লাব যা করতে পারেনি, তাই করতে চলেছেন সবুজ-মেরুন কর্তারা। খুব দ্রুতই উদ্বোধন হবে ‘মোহনবাগান স্পোর্টস লাইব্রেরি’। আর এই স্পোর্টস লাইব্রেরির সঙ্গে সংযুক্তি রেখে প্রতি বছর নির্দিষ্ট সময় মেনে হবে শুধুমাত্র স্পোর্টস সম্পর্কিত বইগুলি নিয়ে ‘ক্রীড়া বইমেলা’। যা ক্লাব প্রাঙ্গনেই হবে বলে জানা গিয়েছে।
সভাপতি মনোনীত হওয়ার পর এদিনই প্রথম কার্যকরী কমিটির মিটিংয়ে এসেছিলেন টুটু বোস (Tutu Bose)। সচিব দেবাশিস দত্ত, সহ-সভাপতি কুণাল ঘোষ, সৌমিক বোস, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়-সহ কার্যকরী কমিটির প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন। সেখানেই আলোচনার সময় স্পোর্টস লাইব্রেরির প্রসঙ্গটি তোলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, ‘‘মোহনবাগান শুধু একটি ক্লাব নয়, প্রতিষ্ঠান। শুধু খেলাধুলো নয়, ক্রীড়া সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও মোহনবাগানকেই নিতে হবে।’’ পরে সাংবাদিক সম্মেলনে দেবাশিস দত্ত বলছিলেন, ‘‘ক্রীড়া সাহিত্য নিয়ে শুধু পাঠকদের আগ্রহ মেটানোই নয়, ক্রীড়া গবেষকরাও মোহনবাগানের এই স্পোর্টস লাইব্রেরিতে এসে কাজ করতে পারবেন।’’ তিনি জানান, ‘‘স্পোর্টস লাইব্রেরি কবে উদ্বোধন হবে, এদিন সেই দিনক্ষণ ঠিক হয়নি। তবে খুব দ্রুতই স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন এবং ক্রীড়া সাহিত্য নিয়ে বইমেলার দিন ঠিক করে নেওয়া হবে।’’
[আরও পড়ুন: আগামীতে সমস্ত আন্তর্জাতিক সিরিজ বন্ধ রেখে আড়াই মাস ধরে চলবে আইপিএল! দাবি জয় শাহর]
সভাপতি টুটু বোসের কাছে স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যম জানতে চায়, এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) নাম নিয়ে তাঁর মতামত। মোহনবাগান সভাপতি বলেন, ‘‘যে ভদ্রলোক প্রতি বছর পঞ্চাশ কোটি টাকা মোহনবাগানে দিচ্ছেন, তাঁর সঙ্গে বাজে ব্যবহার করে কোনও লাভ হবে না। মোহনবাগান থেকে এটিকে নাম সরাতে হবে তাঁকে বুঝিয়ে বলতে হবে, আলাপ-আলোচনায় ঠিক করতে হবে। পাশের ক্লাবে প্রতি বছর ইনভেস্টর নিয়ে কী গন্ডগোল হচ্ছে, দেখতে পাচ্ছেন। দল যখন আই লিগে খেলত, তখন এক রকম ছিল। কিন্তু আইএসএলে (ISL) আমার একার পক্ষে প্রতি বছর ৫০ কোটি টাকা দেওয়া সম্ভব নয়। শুধু বাজে ব্যবহার করলেই হয় না, বাস্তবটাও বুঝতে হবে। এই মুহূর্তে ভাল ইনভেস্টর পাওয়া শুধু কঠিন নয়, অসম্ভব ব্যাপার।”
[আরও পড়ুন: ‘কম গতির বিকল ইঞ্জিন’, হার্দিকের মন্থর ব্যাটিং নিয়ে খোঁচা অমিত মিশ্রের]
এরই পাশাপাশি আইএসএলের ভূয়সী প্রশংসা করে মোহনবাগান সভাপতি বলেন, “হংকং ম্যাচে ভারতীয় দলের যা পারফরম্যান্স দেখলাম, তাতে অবশ্যই আইএসএলের অবদান রয়েছে। আইএসএলে খেলার জন্যই ভারতীয় ফুটবলাররা বিদেশিদের আর ভয় পায় না।” ভারতীয় দলের পারফরম্যান্স দেখার পর দেবাশিস দত্তও (Debasis Dutta) বলছিলেন, ‘‘ভারতীয় দলের জুনিয়রদের খেলা দেখে আমরা মুগ্ধ। আমরাও জুনিয়র ডেভলপমেন্ট নিয়ে উন্নতমানের কিছু পরিকল্পনা করছি। কিছুদিনের মধ্যেই তার চূড়ান্ত রূপ পাবে।’’
Source: Sangbad Pratidin
