টিউশন পড়তে গিয়ে নিখোঁজ কিশোরী, পাচারের আশঙ্কায় পরিবার, সাহায্যের আরজি মীরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছরের শিউলি দাস। বাড়ি দুর্গাপুরে। টিউশন পড়তে গিয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী। তারপর থেকেই নিখোঁজ। পরিবারের আশঙ্কা পাচারের উদ্দেশ্যেই হয়তো অপহরণ করা হয়েছে ছাত্রীকে। শিউলির পরিবারের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আরজি জানালেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। 

নিজের পোস্টে মীর জানিয়েছেন, গতকাল অর্থাৎ শনিবার টিউশন পড়তে গিয়েছিল শিউলি। তারপর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে শিউলির পরিবার। গত কয়েকদিন ধরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ফোন আসছিল শিউলির ফোনে। পাচারের উদ্দেশ্যেই হয়তো তাকে অপহরণ করা হয়েছে। এই আশঙ্কা নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছে শিউলির পরিবার। 
[আরও পড়ুন: পরপর অভিনেত্রীদের মৃত্যু, টলিপাড়ায় মানসিক সচেতনতা বাড়াতে উদ্যোগ মহিলা কমিশনের]
ফেসবুক পোস্টে শিউলির মা দুর্গা দাসের ফোন নম্বর দিয়েছিলেন মীর। সেই নম্বরে যোগাযোগ করা হলে তিনি জানান, অত্যন্ত শান্ত স্বভাবের মেয়ে শিউলি। তার ব্যবহারে কোনও অস্বাভাবিকত্ব ছিল না। শুধু গত কয়েকদিন ধরেই অচেনা নম্বর থেকে ফোন করে উত্যক্ত করা হচ্ছিল কিশোরীকে। মেয়ের নিখোঁজ হওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন দুর্গা দাস। পেটের সমস্যার জন্য অস্ত্রোপচার হয়েছে তাঁর। এখনও মেয়ের কোনও খবর পাননি বলেই জানান দুর্গাদেবী। এখনও শয্যাশায়ী তিনি।
শিউলির এক আত্মীয়র মাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবরটি জানতে পারেন মীর। বিষয়টির সত্যতা যাচাই করার পরই তিনি ফেসবুকে ছবি পোস্ট করে বিষয়টি জানান। পোস্টে দুর্গাদেবীর ফোন নম্বরও শেয়ার করেছেন মীর। দুর্গাপুর পুলিশ শিউলিকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছে।  এর পাশাপাশি কেউ যদি অষ্টম শ্রেণির ছাত্রীর বিষয়ে কোনও খবর পান তাহলে ৯৭৪৯৭৮০২৫৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। এমনই আরজি জানিয়ে পোস্টটি করেছেন মীর। মেয়েটি সুস্থ শরীরে ফিরে আসুক মায়ের কাছে, মীরের পোস্টের প্রতিক্রিয়ায় এই প্রার্থনাই করেছেন অনেকে। 

[আরও পড়ুন: পাশে বিষের শিশি, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার রহস্যমৃত্যু হায়দরাবাদে]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *