সেন্সর বোর্ডের ২১ ‘কোপে’ কমল ৬ মিনিট! বাদ গেল ‘ধুরন্ধর ২’-এর কোন কোন নৃশংস দৃশ্য?

আর মাত্র কয়েক ঘণ্টা। মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ‘ধুরন্ধর ২’। তার আগেই অনলাইনে ছড়িয়ে পড়েছে ছবির সেন্সর সার্টিফিকেট। জানা যাচ্ছে, সেন্সর বোর্ড ছবির বহু দৃশ্য বাদ দিয়ে দিয়েছে। যার দৌলতে এদেশে মুক্তিপ্রাপ্ত ছবির সংস্করণের রানটাইমও কমে গিয়েছে।
সব মিলিয়ে প্রায় ২১টি ‘কাট’ রয়েছে ‘ধুরন্ধর ২’-তে। এর মধ্যে চোখ খুবলে নেওয়া, মাথা কেটে নেওয়া, সিমেন্টের ব্লকে মাথা ঠুকে দেওয়া, হাতুড়ির আঘাতে মাথা থেঁতলে দেওয়ার মতো নৃশংস দৃশ্য। এছাড়াও ছবিতে নোটবন্দির ভুল তারিখ দেখানো হয়েছিল। তা সংশোধন করা হয়েছে। এক জায়গায় ‘লাহোর’-এর পরিবর্তে ‘দিল্লি’ নাম দেখানো হয়েছে। ছবিটিতে ‘এ’ রেটিং দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ছবিটির যে ভার্শন বিদেশে দেখানো হচ্ছে তার দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৫৫ মিনিট। কিন্তু এদেশে ছবিটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৪৯ মিনিট। অর্থাৎ সব মিলিয়ে প্রায় মিনিট ছয়েক বাদ পড়েছে।
‘ধুরন্ধর ২’-তে ‘হামজা’ আরও দানবীয়, আরও ভয়ংকর। পর্দায় মুক্তির পূর্বেই শুরু হয়ে যায় ছবির অগ্রিম টিকিট বুকিং। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরই রণবীর ভক্তরা ঝড়ের গতিতে টিকিট ক্রয় করেছেন এই ছবির। একদিনে এই ছবির টিকিট বিক্রি হয়ে যায় প্রায় ৮৭,৮১০টি। সিনে বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পরই প্রতি ঘণ্টায় এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৭৫০০টি। আরও জানা যাচ্ছে যে, বুকিং শুরু হওয়ার দু’ঘণ্টার মধ্যে প্রায় ৪ কোটির ব্যবসা করে ফেলে রণবীরের ‘ধুরন্ধর ২’। এবার তাই ছবি মুক্তির আগে চড়চড়িয়ে চড়ছে পারদ।
‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল মুক্তি পাবে মোট পাঁচটি ভাষায়। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় এই ছবি দর্শকের দরবারে আসবে। এর মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে এই ছবির হিন্দি ভার্সনের টিকিট।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *