যুদ্ধের জেরে ভয়ঙ্কর সমস্যায় কেকেআর, তিন মহাতারকার দলে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা

মুস্তাফিজুর রহমান নেই। হর্ষিত রানা চোটের জন্য ছিটকে গিয়েছেন। মাথিশা পাথিরানা কবে থেকে যোগ দেবেন সেটা নিয়ে সংশয় রয়েছে। আপনি যদি কেকেআর সমর্থক হন, তাহলে হয়তো ইতিমধ্যেই আপনার হৃদকম্প শুরু হয়েছে। দাঁড়ান, আরও বাকি আছে। মরশুমের শুরুতে এই অনিশ্চিত তারকাদের তালিকাটা আরও অনেকটাই লম্বা হতে চলেছে। এই তালিকায় জুড়তে চলেছে সুনীল নারিন, রভম্যান পাওয়েলের নামও। আর হ্যাঁ, আন্দ্রে রাসেল যিনি এবার নাইট ডাগআউটে বসবেন পাওয়ার কোচ হিসাবে তাঁরও কেকেআরে যোগ দেওয়ার দিনক্ষণের কোনও নিশ্চয়তা নেই। সৌজন্যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ।
অনুশীলনে কেকেআর। নিজস্ব চিত্র। 
আসলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য দুবাই, দোহার মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে এখনও স্বাভাবিক নয় বিমান পরিবহণ। যার জেরে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা সদ্য বাড়ি ফিরেছেন। সমস্যা হল ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতে আসার বিমান এখনও মিলছে না। সুনীল নারিন, রভম্যান পাওয়েলরা বারবার টিকিট কেটেও ভারতে আসার রাস্তা পাচ্ছেন না। বারবার বিমান বাতিল হচ্ছে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতে আসতে আগে ভিসা অন অ্যারাইভাল পাওয়া যেত। আগাম ভিসার প্রয়োজন হত না। কিন্তু যুদ্ধের আবহে আগাম ভিসার প্রয়োজন পড়ছে। যে ভিসা আবার সুনীল নারিনের নেই।
যার ফলে দুই তারকা এবং নাইটদের পাওয়ার কোচের দলে যোগ দেওয়া নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। ইতিমধ্যেই নাইটদের বাকি তারকারা এসে গিয়েছেন। অনুশীলনও শুরু হয়েছে। প্রথম ম্যাচের জন্য ২৫ মার্চ মুম্বই উড়ে যাবে নাইটরা। ততদিনে এই সমস্যা না মিটলে কেকেআরের প্রথম ম্যাচে নারিন-পাওয়েলদের পাওয়া নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়ে যাবে। যদিও নাইট শিবির আশাবাদী, সময়মতোই নারিনদের হাজির করা যাবে। কিন্তু অনুশীলনের সুযোগ কতটা পাবেন, তা নিয়ে সংশয় রয়েছে।
সব মিলিয়ে নতুন মরশুমের আগে রীতিমতো মহাসংকটে কেকেআর। একে তো এত চোট, তার উপর আবার এ হেন গুরুত্বপূর্ণ তারকাদের ঘিরে অনিশ্চয়তা। হেড কোচ হিসাবে শুরুটা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে অভিষেক নায়ারের।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *