সিএসকে-তারকাকে নিয়ে বিস্ফোরক ডে’ভিলিয়ার্স, ‘ব্যাটিংয়ে আরও দায়িত্ব নিক ধোনি, নয়তো বাইরে বসুক’

মহেন্দ্র সিং ধোনির আইপিএল যাত্রা কি এবারই সমাপ্ত হবে? বছরে গত কয়েক বছর ধরেই আইপিএল শুরুর আগে এই প্রশ্নের জবাব খুঁজছে ক্রিকেটবিশ্ব। আইপিএলের সফলতম ক্যাপ্টেন আপাতত খেলেন শুধু এই একটা প্রতিযোগিতায়। মেরেকেটে মাস তিনেক ব্যাট-প্যাড-গ্লাভসে সুসজ্জিত মাহিকে দেখতে পান অনুরাগীরা। এই আবহে মাহিকে নিয়ে কী বলছেন এবি ডে’ভিলিয়ার্স? 
চেন্নাই সুপার কিংসে বর্তমানে তাঁর ভূমিকা অনেকটাই বদলে গিয়েছে। এখন আর তিনি দলে ‘ক্যাপ্টেন কুল’ নন, সেই দায়িত্বে এখন রুতুরাজ গায়কোয়াড়। অবশ্য তরুণ অধিনায়ক চোটে ছিটকে যাওয়ায় ফের রাজপাট সামলেছিলেন তিনি। এবছর ফের সাধারণ সদস্য হিসেবে ধোনিকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া, ব্যাটিংয়েও এখন বেশ লোয়ার অর্ডারেই নামেন তিনি। ফলে ৪৪ বছরের মহাতারকার ভবিষ্যৎ নিয়ে জল্পনা বেশ জোরালোভাবেই আলোচনা হচ্ছে।
ডে’ভিলিয়ার্স আবার মনে করছেন, ব্যাটিংয়ে আরও দায়িত্ব নেওয়া উচিত ধোনির। না হলে দলে থেকে তাঁর সরে যাওয়াই ভালো। “আমি জানি, ব্র্যান্ড সিএসকে-র সঙ্গে ধোনির সম্পর্কটা ঠিক কী? একে অপরের পরিপূরক। তবে শেষ কয়েক বছরে বারবারই আমার মনে হয়েছে, শুধুমাত্র যেন ব্র্যান্ডের কথা মাথায় রেখে ধোনিকে দলে রেখে দেওয়া হচ্ছে। তাই ব্যাটিংয়ে আগের মতো দায়িত্ব নেয় না। গত বছর ও আট-নয় নম্বরে ব্যাট করতে এসেছে। ব্যাটার ধোনি কী করতে পারে, আমরা জানি। তাই যখন ও অধিনায়কত্ব করছে না, তখন দলে থেকে আট-নয় নম্বরে ব্যাটিংয়ে নামার কোনও মানে নেই। সেক্ষেত্রে ভুল কারণে ও দলে থাকছে। দলে থাকতে হলে ওকে অন্তত ছ’নম্বরে ব্যাট করতে হবে। প্রয়োজনে চার-পাঁচেও,” বলে দিয়েছেন প্রবাদপ্রতিম প্রোটিয়া ব্যাটার।
গত কয়েক বছরে দলে ধোনির উত্তরসূরি খোঁজার চেষ্টা করেছে সিএসকে। রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন করে হাল খারাপ হওয়ায় ফের নেতৃত্বে ফেরে পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক। আপাতত দলের ঘোষিত অধিনায়ক রুতুরাজ। তবে ডে’ভিলিয়ার্স মনে করেন, ধোনির দেখানো পথে যোগ্য পথিক হতে পারেন সঞ্জু স্যামসন। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা প্লেয়ারের পক্ষে প্রোটিয়া তারকার যুক্তি, “আমার মতে, এই মুহূর্তে সঞ্জুই সবচেয়ে যোগ্য। ধোনি এতদিন ধরে দলকে টেনে এনেছে প্রকৃত উত্তরসূরির অপেক্ষায়। সেকথা অস্বীকার করা যাবে না। এখনও যদি ধোনি খেলতে চায়, তবে আমি চাই ও যেন কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেয়।”

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *