ফের সম্মুখ সমরে মমতা-শুভেন্দু! নন্দীগ্রামের পর এবার মুখোমুখি ভবানীপুরে

ছাব্বিশের নির্বাচনের দামামা বেজে গিয়েছে। একে একে প্রার্থী তালিকা প্রকাশ করছে সব দল। সোমবার বিকেলে বাংলার ১৪৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। সেখানেই রয়েছে বড় চমক। একুশের নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছাব্বিশে কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি। এবার জোড়া আসনে লড়বেন শুভেন্দু। তাৎপর্যপূর্ণ হল, নন্দীগ্রামের পাশাপাশি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে লড়তে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। অর্থাৎ এবার কলকাতার বুকে সম্মুখসমরে মমতা-শুভেন্দু।
মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের সম্পর্কের সমীকরণ সকলেরই জানা। তবে সময়ের নিয়মে সম্পর্ক বদলেছে। ২০১৯ সালের ডিসেম্বরে আচমকা তৃণমূলের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। দল ও প্রশাসনের যাবতীয় পদ ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। ২০২১ সালে বিজেপির বাংলা দখলের লড়াই কার্যত প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি। ‘দিদি’-সম প্রাক্তন নেত্রীকে গদিচ্যুত করার ডাক দিয়েছিলেন তিনি। তবে জয় নিয়ে তার যে কিছুটা শঙ্কা ছিল, তা বলাই বাহুল্য। সেই কারণেই আসন হিসেবে বেছে নিয়েছিলেন চেনা মাটি নন্দীগ্রামকে। এদিকে নাছোড়বান্দা মমতা বন্দ্যোপাধ্যায়ও। নন্দীগ্রাম তাঁর হাতের তালুর মতো চেনা। তাই ভবানীপুর ছেড়ে শুভেন্দুর গড় নন্দীগ্রামের মাটিতে গিয়ে তাঁর সঙ্গে মুখোমুখি লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। কিন্তু ফলাফল বুঝিয়ে দিয়েছে, বাংলা নিজের মেয়েকেই চায়। ব্যাপক প্রচার, নানারকম প্রতিশ্রুতির পরও বিজেপিকে ভরসা করতে পারেনি বাংলার মানুষ।  
পেরিয়েছে পাঁচবছর। দুয়ারে ছাব্বিশের নির্বাচন। সোমবার বিকেলে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতেই দেখা গেল দুটি আসনে লড়বেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই একটি আসন নন্দীগ্রাম। অন্যটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন অর্থাৎ ভবানীপুরেও লড়বেন শুভেন্দু। অর্থাৎ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে শুভেন্দু তাঁর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছেন। শুভেন্দুর ভবানীপুরে প্রার্থী হওয়া আদতে বিজেপির রণকৌশল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। তাঁদের যুক্তি, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের কেন্দ্রে ব্যস্ত রাখতে চাইছে বিজেপি। এদিকে নন্দীগ্রামে শুভেন্দুর জয় কার্যত নিশ্চিত। ফলে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে পদ্মশিবির। তবে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। তাঁর জন্ম, বেড়ে ওঠা, লড়াই-সবকিছুর সাক্ষী এই এলাকা। সেখানে শুভেন্দুর লড়াইয়ের সিদ্ধান্ত বুমেরাং হবে বলেই মনে করছে একাংশ। 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *