ভোট ঘোষণা হতেই নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাতারাতি সরিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকে। রবিবার রাতেই চিঠি পাঠিয়ে বাংলার মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিয়েছে কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় মুখ্যসচিব হচ্ছেন ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালা। তিনি নন্দিনী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন। অন্যদিকে, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হলেন ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষ। তাঁকে হোম ও হিল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি নিযুক্ত করেছে কমিশন। সোমবার দুপুর তিনটের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। সোমবার রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার নগরপাল পদেও বদল করা হতে পারে। সূত্রের খবর, ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডের জায়গায় নতুন ডিজি হতে পারেন অজয় নন্দা। যিনি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে মালদহ জেলার বিশেষ দায়িত্বে নিযুক্ত।
Source: Sangbad Pratidin
