নাইট শিবিরের মেন্টর হওয়ার পরের দিনই ব্যর্থতা সঙ্গী গম্ভীরের! ব্যাপারটা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিজেন্ডস লিগ ক্রিকেটে (Legends League Cricket) ব্যাট হাতে রান পেলেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়ক তিনি। গৌতম গম্ভীর এদিন প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে গেলেন। খাতা খুলতে পারেননি তিনি। আরবানাইজার্স হায়দরাবাদের কাছে ম্যাচটা হারতে হল গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালসকে।
উল্লেখ্য, আরবানাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন আবার গম্ভীরেরই প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না। 
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়ক গৌতম গম্ভীর। আরবানাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ২০ ওভারে করে পাঁচ উইকেটে ১৮৯ রান। হায়দরাবাদের ইনিংসে গুরকিরত মান সিং সর্বোচ্চ ৮৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে করে ৬ উইকেটে ১৮৬। ৩ রানে ম্যাচ হারে গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস। কেভিন পিটারসেন সর্বোচ্চ ৭৭ রান করলেও ম্যাচ জেতার জন্য তা যথেষ্ট ছিল না। 
[আরও পড়ুন: ‘রোনাল্ডোর ডায়েট চার্ট তৈরি করে দেন নাসার বিজ্ঞানীরা’, রামিজ রাজার দাবি ঘিরে হাসির রোল]

উল্লেখ্য, গম্ভীরের নেতৃত্বেই দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। পাঁচবার দলকে প্লে-অফে পৌঁছে দিয়েছেন। তাঁর আমলেই সবচেয়ে বেশি সাফল্যের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আসন্ন আইপিএলে আবারও কেকেআর শিবিরে দেখা যাবে তাঁকে। এবার মেন্টরের ভূমিকায়।সেই গম্ভীর নাইট শিবিরের মেন্টর হওয়ার পরের দিনই শূন্য রানে ফিরলেন।
[আরও পড়ুন: বড় ধাক্কা সিএসকে শিবিরে, আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ১৬ কোটির তারকা]
 

 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *