পুরীর জগন্নাথ মন্দিরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত কমপক্ষে ১০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে আহত কমপক্ষে ১০ জন। শুক্রবারের এই ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় জগন্নাথধামে। আহতদের পুরী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
প্রশাসন সূত্রে খবর, শুক্রবার জগন্নাথ মন্দিরে ‘মঙ্গল আরতি’ চলছিল। বলা বাহুল্য ভক্ত সমাগমও হয়েছিল প্রচুর। অন্যদিনের তুলনায় এদিন অত্যধিক ভিড় হওয়ায় পরিস্থি্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার উপক্রম হয়। পড়ে গিয়ে আহত হন ১০ জন ভক্ত। অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি, সব তীর্থযাত্রীদের একই সঙ্গে মন্দিরে ঢোকানো হয়। তার জেরেই মন্দিরের মধ্যে ভিড় বেড়ে যায়। ফলে তৈরি হয় বিশৃঙ্খলা।
[আরও পড়ুন: ভারত-আমেরিকা ‘টু প্লাস টু’ বৈঠক, গাজা সংঘাত সমাধানের ‘পথ’ বাতলে দিল দিল্লি]
এই ঘটনায় স্থানীয়দের অভিযোগ, নটমণ্ডপ এবং জয়-বিজয় দ্বারের কাছে পর্যাপ্ত ব্যারিকেড ছিল না। ফলে ভিড় সামলানো যায়নি। তার জেরেই শুরু হয় ভক্তদের হুড়োহুড়ি। হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। এই ঘটনায় মন্দির প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন তাঁরা। আগামী দিনে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *