সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাক ক্রিকেটের। একের পর এক ম্যাচে বিশ্বকাপ থেকেই কার্যত ছুটি হয়ে গিয়েছে পাকিস্তানের। ওয়াঘার ওপারে প্রাক্তন ক্রিকেটাররা তীব্র সমালোচনা করছেন বাবর আজমের। তাঁর নেতৃত্ব নিয়ে কাটাছেঁড়া চলছে। কিন্তু যাঁকে নিয়ে এত চর্চা, এত সমালোচনা, সেই বাবর আজম নিজেতেই মগ্ন। সূত্রের খবর, বিশ্বকাপের পরেই বিয়ে করবেন বাবর আজম। আর কলকাতায় এসে তিনি বিয়ের বাজার সেরেছেন বলে শোনা যাচ্ছে।
আজ মঙ্গলবার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের ম্যাচ বাংলাদেশের সঙ্গে। সেই ম্যাচ খেলার জন্য শনিবার সন্ধেয় কলকাতায় এসেছে পাকিস্তান। সূত্রের খবর, শাকিব আল হাসানদের বিরুদ্ধে নামার আগে পাক অধিনায়ক সাত লাখ টাকার ডিজাইনার শেরওয়ানি কিনেছেন। শহরের এক নামী জুয়েলারি প্রস্তুতকারক সংস্থার থেকে কয়েক লক্ষ টাকার বিয়ের গয়নাও কিনেছেন। বিশ্বকাপ খেলতে এসে পাক অধিনায়ক নিজের বিয়ের বাজার করছেন এমন ঘটনা স্মরণকালের মধ্যে শোয়া যায়নি। তাও আবার তাঁর দেশ ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না। ক্রিকেটারদের হতশ্রী পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ দেশের মানুষ। বিশ্বকাপের পরে বাবর আজমরা কি দেশে ফিরতে পারবেন? এমন প্রশ্ন উঠে গিয়েছে এখনই। অতীতে পাকিস্তান দল ব্যর্থ হলে ক্রিকেটাররা দেশে ফিরতেন না। কারণ দেশের মাটিতে পা দিলেই ক্রিকেটারদের দিকে উড়ে আসত পচা ডিম। এখন অবশ্য দিনকাল বদলে গিয়েছে। বিশ্বকাপের শেষে দেশের মানুষের কাছ থেকে কেমন অভ্যর্থনা পান বাবররা, সেটাই এখন দেখার।
Source: Sangbad Pratidin
