হাসপাতালে আর ভর্তি থাকার দরকার নেই জ্যোতিপ্রিয়র, ইডির জেরায় রইল না বাধা?

স্টাফ রিপোর্টার: আট রকমের রক্ত পরীক্ষা, জোড়া সিটি স্ক্যান এবং মনোবিদের পরামর্শের ভিত্তিতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেওয়া হল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একেবারে স্থিতিশীল। তাঁকে জেরা করার ক্ষেত্রে আর কোনও বাধা নেই।
এদিকে, রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের হাসপাতালে কী কী পরীক্ষা হয়েছে, তা সোমবার আদালতে জমা দিয়েছে ইডি। ব্যাঙ্কশাল আদালত জ্যোতিপ্রিয়র ইডি হেফাজতের নির্দেশ দিতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপরই মন্ত্রীর পরিবারের পছন্দমতো বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে জ্যোতিপ্রিয়র কী কী শারীরিক পরীক্ষা হয়েছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট সোমবার ব্যাঙ্কশাল আদালতে জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি।
পাশাপাশি জ্যোতিপ্রিয়কে ভর্তি নিতে না চেয়ে আদালতের নির্দেশ ফের বদলের আবেদন করা হয়েছিল কম্যান্ড হাসপাতালের তরফে। তবে তাদের আর্জি এদিন খারিজ হয়ে যায়। আদালত জানিয়ে দেয়, প্রয়োজনে কম্য়ান্ড হাসপাতালেই চিকিৎসা হবে মন্ত্রীর।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *