ICC ODI World Cup 2023: অলরাউন্ড পারফরম্যান্স! ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দিল শ্রীলঙ্কা, বিদায়ের মুখে বাটলারের দল

ইংল্যান্ড: ১৫৬ (স্টোকস ৪৩, লাহিরু কুমারা ৩/৩৬, ম্যাথিউজ ২/১৪)
শ্রীলঙ্কা: ১৬০/২ (পাথুম নিশাঙ্কা ৭৭*, সদিরা সমরবিক্রমা ৬৫*)
শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ২১ জুন থেকে ২০২৩ সালের ২৬ অক্টোবর। চার বছরের ব্যবধান। গত ভেন্যু ছিল লিডস। আর এবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। তবে ফলাফলে কোনও বদল ঘটল না। সেবার ইংল্যান্ডকে ২০ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। আর এবার ২৪.২ ওভার বাকি থাকতেই জস বাটলারের দলকে ৮ উইকেটে হেলায় উড়িয়ে দিল কুশল মেন্ডিসের সতীর্থরা। আরও বড় তথ্য হল বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে পাঁচবার ইংল্যান্ডকে হারিয়ে দিল শ্রীলঙ্কা। ফলে গত ২০ বছর ধরে সাহেবদের উপর দাপট বজায় রাখল শ্রীলঙ্কা। ফলে সেমিফাইনাল থেকে আরও দূরে চলে গেল ইংল্যান্ড।

নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই বেকায়দায় ছিল গতবারের বিশ্বকাপজয়ী দল। আর এবার শ্রীলঙ্কার কাছে চলতি বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচ হেরে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা আরও কঠিন করে তুললেন জো রুট-বেন স্টোকসরা। 

মাত্র ১৫৭ রান চেজ করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলের রান যখন ২৩, তখন সাজঘরে ফিরে যান কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। তবে এতে সমস্যা হয়নি। পাথুম নিশাঙ্কা ও সদিরা সমরবিক্রমা তৃতীয় উইকেটে ১৩৭ রান যোগ করে শ্রীলঙ্কাকে জয় এনে দেন। 
শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণের বিরুদ্ধে ভেঙে পড়েছিল গতবারের বিশ্বজয়ী দল। কোনওরকমে ১৫৬ রান তুলতে পারল বিশ্ববন্দিত ব্যাটিং লাইনআপ। এর আগে চলতি বছরের ২ জুন আফগানিস্তানের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তবে তাঁকে বল হাতে দেখা গিয়েছিল তিন বছর আগে। এহেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১৪ রানে ২ উইকেট নিলেন। ৩৬ রানে ৩ উইকেট নিলেন আর এক পেসার লাহিরু কুমারা। ফলে সাহেবদের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। বেন স্টোকস ব্যাট হাতে খানিকটা লড়াই করেন। তাঁর সংগ্রহ ৪৩ রান।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *