নবমীর রাত থেকে নিখোঁজ, একাদশীর সকালে বালুরঘাটে নদীর পাড়ে মিলল যুবকের দেহ

রাজা দাস, বালুরঘাট: নবমীর রাত থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে (Balurghat) উত্তমাশা এলাকায়। বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকায় আত্রেয়ী নদী থেকে উদ্ধার হয় যুবকের দেহটি। কীভাবে তাঁর দেহ নদীতে এল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক অনুমান, গণ্ডগোলের জেরে তাঁকে খুন করা হতে পারে।

এদিন সকালে বিষয়টি প্রথম দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রুদ্র বিশ্বাস(২৭)। বাড়ি বালুরঘাট শহরের উত্তমাশায়। নবমীর রাত থেকেই ওই যুবক নিখোঁজ ছিল বলে খবর। দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়।
[আরও পড়ুন: প্রাথমিক টেটের নমুনা প্রশ্ন ও পাঠ্যক্রম প্রকাশ, আসন বা কক্ষ পরিবর্তনে বাতিল হবে পরীক্ষা]
পুলিশের প্রাথমিক অনুমান, ক্লাবের দুই গোষ্ঠীর গণ্ডগোলের যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নবমীর রাতে এলাকার এক ব্যবসায়ীর বাড়ির সামনে ঠাণ্ডা পানীয়র বোতল ভেঙেছিলেন ধ্রুব। সেদিন রাত থেকেই তাঁর আর খোঁজ মিলছিল না। দশমীর সকালে তাঁর পরিবারের তরফে বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এর পর একাদশীর দিন সকাল অর্থাৎ বুধবার বালুরঘাটে আত্রেয়ী নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় নতুন করে পুলিশ মোতায়েন করা হয়েছে।
[আরও পড়ুন: বৈদ্যুতিন তারে তড়িদাহত হয়ে হাতির মৃত্যু! ব্যাপক চাঞ্চল্য কালচিনিতে]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *