এক মিনিটে জোড়া গোল হজম, সপ্তমীতে গোয়ার কাছে পরাজিত ইস্টবেঙ্গল

এফসি গোয়া: ২
ইস্টবেঙ্গল: ১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু এফসির পর এবার এফসি গোয়া (FC Goa)। আইএসএলে ফের হারের মুখ দেখল ইস্টবেঙ্গল (East Bengal)। এবার কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে পরাস্ত করল গোয়ার দলটি। এগিয়ে থেকেও হারের মুখ দেখতে হল লাল-হলুদকে।
মোহনবাগানের পর চলতি আইএসএলে আর যদি কোনও দল ভাল ফর্মে শুরু করে থাকে তাহলে সেটা এফসি গোয়া। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে নিজেদের দুটো ম্যাচই জিতে এসেছেন মানোলো মার্কেজের ছেলেরা। এ হেন দলের বিরুদ্ধে শুরুটা কিন্তু খারাপ হয়নি ইস্টবেঙ্গলের। প্রথমার্ধে দুই দলের মধ্যে উজ্বল দেখাচ্ছিল ইস্টবেঙ্গলকেই। সুযোগও তৈরি হচ্ছিল। কিন্তু শেষবেলায় গিয়ে কখনও ফাইনাল থার্ডে ভুল পাস, আবার কখনও লক্ষ্যভ্রষ্ট শট। যার জেরে গোলটা আসছিল না। কিন্তু খেলার ৪১ মিনিটে কার্যত রকেটের মতো শটে প্রথম গোলটি করে ফেললেন নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। বক্সের ধার থেকে তাঁর জোরাল শট সম্ভবত কোনও গোলরক্ষকই বাঁচাতে পারতেন না।
প্রথমার্ধে মহেশের সেই গোলে এগিয়েই ছিল ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলা যেন বদলে গেল। এক গোলে পিছিয়ে পড়ে খোঁচা খাওয়া বাঘের মতো চেপে ধরল গোয়া। ডিফেন্ডাররাও ওভারল্যাপে যাওয়া শুরু করলেন। একের পর এক আক্রমণ তুলে আনা শুরু করল গোয়া। যার সুফল মিলল ৭৪ মিনিটে। ডান প্রান্ত থেকে ভেসে আসা ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে দুর্দান্ত গোল করে সমতা ফেরালেন সন্দেশ। সন্দেশের গোলের পর এক মিনিটও কাটেনি। এর মধ্যেই চলে এল গোয়ার দ্বিতীয় গোল। এবার ইস্টবেঙ্গলের রক্ষণ বিভাগের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে গোল করে গেলেন গোয়ার ভিক্টর। এক মিনিটে এই জোড়া গোল হজমই কাল হল লাল-হলুদের। 
 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *