তারক চক্রবর্তী, শিলিগুড়ি: বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু হল গরু পাচারকারীর। এই ঘটনায় বুধবার শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকে চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন সকালে শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের খুদিগজ গ্রামে বাংলাদেশ থেকে এক ব্যক্তি কাঁটাতার পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করে। তার সঙ্গে একটি গরুও ছিল। বিএসএফ তাঁকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি শোনেননি। শেষপর্যন্ত তাঁকে লক্ষ্য় করে গুলি ছোড়ে জওয়ানরা। সেখানেই মৃত্যু হয় পাচারকারীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ফাঁসি দেওয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। খোঁজ শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: ইজরায়েল গাজায় বোমাবর্ষণ থামালেই সমস্ত পণবন্দিকে ছেড়ে দেওয়া হবে, দাবি হামাসের]
প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে নদিয়ায় এক পাচারকারীর মৃত্যু হয়। গভীর রাতে নদিয়ার ভীমপুরের রাঙিয়া পোতা ভারত-বাংলাদেশ সীমান্তে চলে গুলির লড়াই। তাতে প্রাণ যায় অবৈধ অনুপ্রবেশকারীর। তার কাছ থেকে এক বস্তা নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়।
[আরও পড়ুন: গাজার হাসপাতালে হামলা চালিয়েছে ইসলামিক জেহাদই! ‘প্রমাণ’ দিয়ে দাবি ইজরায়েলের]
Source: Sangbad Pratidin
