আবার সোনার দোকানে ডাকাতি, সিভিক ভলান্টিয়ারদের বেঁধে রেখে ৫ লক্ষের গয়না নিয়ে চম্পট

অর্ণব দাস, বারাসত: ফের পুজোর আগে ডাকাতদের নিশানায় সোনার দোকান। উত্তর ২৪ পরগনার আমডাঙার সোনার দোকানের শাটার কেটে দোকানের ভিতরে ঢোকে ৭ জনের ডাকাত দল। লুটপাটে বাধা দেওয়ায় ২ সিভিক ভলেন্টিয়ারকে গামছা দিয়ে বেঁধে, তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় আমডাঙার দারিয়াপুর বাজারে চাঞ্চল্য ছড়িয়েছে। চুরি যাওয়া সোনা ও নগদ মিলিয়ে আর্থিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
স্থানীয়দের দাবি, রাত দুটো নাগাদ ৭ জনের একটি ডাকাত দল আসে দারিয়াপুর বাজারে। সোনার দোকানের তালা ভাঙতেই বিষয়টি কর্তব্যরত ২ সিভিক ভলান্টিয়ারের নজরে আসে। লুটপাটে বাধা দেওয়ায় গামছা দিয়ে তাঁদের মুখ, হাত-পা বেঁধে মারধর করে। তাঁদের পাশে একটি বাগানে ফেলে দিয়ে সোনার দোকানের সর্বস্ব লুট করে দুষ্কৃতীরা। আহত সিভিকরা হাসপাতালে চিকিৎসাধীন।
[আরও পড়ুন: ‘ওই দেখো হাতি হাঁটছে!’ ফ্যাশন শোয়ে বিপাশাকে দেখে কটাক্ষ নেটিজেনদের]
ব্যবসায়ীদের দাবি, ৫০-৬০ বছরের পুরনো এই দারিয়াপুর বাজার। এই প্রথম এমন ডাকাতির ঘটনা ঘটেছে। হাবরা- নৈহাটি রাজ্য সড়কে ধারে এমন ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে পথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ী মহল। জানা গিয়েছে, সোনার দোকানের ক্যামেরা ভেঙে হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দলের। তদন্তে নেমেছে আমডাঙা থানার পুলিশ। প্রসঙ্গত, ইতিপূর্বে পুরুলিয়া, কল্যাণী, সোনারপুরের পর একই কায়দায় ডাকাতি হল আমডাঙার সোনার দোকানে। পর পর সোনার দােকানে লুটপাটের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা। 
[আরও পড়ুন: এবার পুজোয় গাড়ি পাওয়া আরও সহজ, ২১ হাজারের বেশি হলুদ ট্যাক্সি ‘যাত্রীসাথী’ অ্যাপে]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *