সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আগস্ট মাসে কাশ্মীরের (Jammu and Kashmir) মানবাধিকার পরিস্থিতির প্রশংসা করেছিলেন একদা ‘মোদি বিরোধী’ হিসেবে পরিচিত জেএনইউ-র প্রাক্তন ছাত্রনেতা তথা মানবাধিকার কর্মী শেহলা রশিদ (Shehla Rashid)। এবার হামাস-ইজরায়েল যুদ্ধের প্রসঙ্গ টেনে কাশ্মীরের দীর্ঘমেয়াদ শান্তি ও নিরাপত্তায় ভারত সরকারের উদ্যোগের প্রশংসা করলেন নেত্রী। ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে।
২০১৬ সালে কুখ্যাত ‘টুকরে টুকরে গ্যাং’-এ কানাহাইয়া কুমার, উমর খালিদের সঙ্গে নাম জড়ায় শেহলার। ২০১৯ সালে এক টুইটে অভিযোগ করেছিলেন, কাশ্মীরে আমজনতার উপর জুলুম চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করছে সেনা। উপত্যকা থেকে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে মামলা করেছিলেন। যদিও পরে ওই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। সেবারই প্রথমবার মোদি বিরোধী অবস্থান সরে যান তিনি। জানান, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কাশ্মীরের পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।
[আরও পড়ুন: হামাস-ইজরায়েল যুদ্ধ অব্যাহত, তেল আভিভে বিমান বাতিলের মেয়াদ বাড়াল এয়ার ইন্ডিয়া]
এবার হামাস-ইজরায়েল যুদ্ধের আবহ শেহলা সোশাল মিডিয়ায় লেখেন, “মধ্যপ্রাচ্যের অবস্থা দেখুন, আজ বুঝতে পারছি আমরা ভারতীয়রা কতটা ভাগ্যবান। ভারতীয় সেনাবাহিনী আমাদের নিরাপত্তার জন্য তাদের সর্বস্ব উৎসর্গ করেছে।” এই টুইটেই কাশ্মীরে শান্তি ফেরানোয় প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
[আরও পড়ুন: দত্তক নেওয়ার আইনি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা কেন! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের]
উল্লেখ্য, হামাসকে পালটা মার দিতে গাজা স্ট্রিপকে অবরুদ্ধ করেছে ইজারায়েল। সেখানে জল, বিদ্যুৎ বন্ধ করার পাশাপাশি মুহূর্মুহু হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বায়ুসেনা। বোমা ফেলে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এলাকার পর এলাকা। প্রশ্ন উঠছে মানবাধিকার নিয়ে। শেহলা এক্স হ্যান্ডেলে লেখেন, “নাগরিকের প্রাথমিক নিরাপত্তা ছাড়া কোনও এলাকায় শান্তি ফেরানো অসম্ভব। মধ্যপ্রাচ্যের বিপন্ন পরিস্থিতি এই বিষয়টিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ” একথা বলতে গিয়ে জম্ম-কাশ্মীর পুলিশেরও ভূয়সী প্রশংসা করেন শেহলা।
Source: Sangbad Pratidin
