সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে যখন ভারত অধিনায়ক রোহিত শর্মা আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন, তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। বিশ্বকাপে ভারত-পাক মহারণের মতো চাপের ম্যাচে পরে ব্যাট করার ঝুঁকি এর আগে আর কোনও অধিনায়ক নেননি। রোহিতের পরিকল্পনা সম্ভবত ছিল মোটামুটি একটা রানে পাকিস্তানকে আটকে দিয়ে দ্বিতীয় ইনিংসে শিশিরের সুবিধা নেওয়া। শিশির পড়লে ব্যাট করাটা সহজ হয়ে যায়। কিন্তু টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠানোর সময় ভারত অধিনায়কও হয়তো ভাবেননি যে বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের দুশোর নিচে আটকে দেওয়া যাবে।
গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই কাণ্ডটিই ঘটিয়ে ফেললেন ভারতীয় বোলাররা। মাত্র ১৯১ রানে অল-আউট করে দিলেন পাকিস্তানকে। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভারতীয় বোলাররা বোধ হয় এদিন ‘সবে মিলি করি কাজ’ এই আপ্তবাক্য মনে মনে জপে নিয়েছিলেন। নাহলে এত নিখুঁত এবং পরিপূর্ণ বোলিং পারফরম্যান্স সত্যিই সচরাচর দেখা যায় না। ভারতের হয়ে এদিন বুমরাহ, সিরাজ, হার্দিক, কুলদীপ, জাদেজা সকলেই নিলেন দুটি করে উইকেট।
Source: Sangbad Pratidin
