শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানীতে সেনার গুলি চালনায় আতঙ্ক

সুব্রত বিশ্বাস: হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট নিয়ে শিয়ালদহ রাজধানীতে চড়ায় জরিমানা চান টিকিট পরীক্ষক। আর এতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন ওই যাত্রী। পকেট থেকে রিভলবার বের করে চালিয়ে দেন গুলি। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ রাজধানী এক্সপ্রেসে এই ঘটনা। যাত্রীর নাম হরপিন্দর সিং। পাঞ্জাবের গুরুদাসপুর ফটেগর চুরিয়ানের বাসিন্দা। পেশায় সেনাকর্মী। এদিন রাতে ধানবাদ থেকে রাজধানী এক্সপ্রেসের বি-৮ কোচে চড়ে হরপিন্দর। শিয়ালদহ রাজধানীতে চড়লেও তার টিকিট ছিল হাওড়া-দিল্লি রাজধানীর। ফলে বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করে জরিমানা চান টিকিট পরীক্ষক। বচসা শুরু হতেই পকেট থেকে রিভলভার বের করে গুলি চালান টিকিট পরীক্ষকের উদ্দেশ্যে। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। রেল পুলিশ ও আরপিএফ জানিয়েছে, কেউই আহত হননি। একটা গুলি চালানোর পরই কর্তব্যরত আরপিএফ এসকর্ট বাহিনী তাকে ধরে ফেলে। গ্রেফতার করে রেল পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়েছে। এর কিছুদিন আগে ওয়েস্টার্ন রেলে আরপিএফ কর্মীর গুলি চালনায় এক আরপিএফ এএসআই সহ তিনজনের মৃত্যু হয়েছিল। ফের রাজধানীর মতো ট্রেনে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললো যাত্রীরা। আতঙ্কিত যাত্রীদের কিছুক্ষনের জন্য নয় কামরায় নিয়ে হওয়া হয়। এরপর বাড়তি আরপিএফ ও জিআরপি প্রহরায় ট্রেনটিকে দিল্লি অভিমুখে নিয়ে যাওয়া হয়।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *