সংবাদ প্রতিদিন ব্যুরো: দুর্ঘটনার কবলে দিল্লিগামী তৃণমূলের বাস। রবিবার সকাল ৫টা নাগাদ ঝাড়খণ্ডের কোডার্মা এলাকায় মাটির ঢিপিতে ধাক্কা মারে বাসটি। যাত্রীরা সকলেই অল্পবিস্তর জখম হয়েছেন। বাসের সামনের অংশেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আপাতত যাত্রীদের পুরুলিয়া ফিরিয়ে আনা হচ্ছে। সেখানেই তাঁদের চিকিৎসা হবে। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের আপাতত দিল্লি যাওয়া হচ্ছে না।
বাংলার বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূলের। ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডাররা সেই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। একাধিক বাসে চেপে রাজধানীর উদ্দেশ্যে শনিবার দুপুরে রওনা দিয়েছেন তাঁরা। দুর্ঘটনার কবলে পড়া বাসটিও শনিবার দুপুরে রওনা দিয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। তোপচাঁচি পার করার পরই বিপত্তি বাঁধে।
বাসের যাত্রীরা জানিয়েছেন, সকাল ৫টা নাগাদ প্রবল বৃষ্টি হচ্ছিল ঝাড়খণ্ডের কোডার্মার সূর্যকুন্ড এলাকায়। রাস্তার কাজও চলছিল।
Source: Sangbad Pratidin
