১০ মাসের মেয়েকে ‘খুন’ করে মাটিতে পুঁতে দিল মা! কারণ ঘিরে ধোঁয়াশা

রাজ কুমার, আলিপুরদুয়ার: নিজের দশমাসের মেয়ের গলা টিপে খুন করে বাড়িতেই পুঁতে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অভিযুক্ত মহিলার এই কুকীর্তির কথা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ শহরের ঝর্ণা বসতিতে। অভিযুক্ত মা মেরিনা বিবিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে জয়গাঁ থানার পুলিশ। তবে তিনি কী কারণে এই ঘটনা ঘটালেন তা এখনও জানতে পারেনি পুলিশ। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়গাঁর ঝর্ণা বসতি এলাকার বাসিন্দা ওই মহিলার স্বামী জেলবন্দি। বাড়িতে ১০ মাস ও ৫ বছর বয়সি দুই মেয়েকে নিয়ে থাকতেন। পাশেই ওই মহিলার বাপের বাড়ির সদস্যরাও থাকেন। মঙ্গলবার মেরিনা বিবি নিজের দশ মাসের কন্যাসন্তানকে গলা টিপে খুন করে বাড়িতেই পুঁতে দেন বলে অভিযোগ।
[আরও পড়ুন: সরকারি দপ্তরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে উদ্যোগ, তিন গুণ করা হল ভাড়া]
বুধবার এই ঘটনার কথা প্রতিবেশীদের জানিয়ে দেয় তাঁর বড় মেয়ে। তার পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্ত মাকে পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছে। প্রতিবেশীরা ওই মহিলার কড়া শাস্তির দাবি তুলেছেন। মাটি খুঁড়ে শিশুটির দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার শিশুর মৃতদেহ ময়নাতদন্তে পাঠাবে পুলিশ।
জয়গাঁ থানার ওসি টি এন লামা বলেন, “ওই মহিলাকে তুলে এনে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ঘটনা নিয়ে আমাদের কাছে কেউ কোনও লিখিত অভিযোগ করেনি। পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে।”
[আরও পড়ুন: বিধানসভার বাদল অধিবেশনে বিধায়কদের হাজিরা কম, কড়া ব্যবস্থার পথে তৃণমূল]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *