কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক, মাদ্রিদ: লক্ষ্য ছিল বাংলার ঘরে ‘লক্ষ্মী’ আনা। সেই লক্ষ্যে ৫ বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লম্বা বিদেশ সফরে গিয়েছেন। স্পেন ও দুবাইয়ের মধ্যে স্পেন থেকেই সিংহভাগ বিনিয়োগ টানা উদ্দেশ্য রাজ্য সরকারের। শুক্রবার মাদ্রিদে ছিল বহু প্রত্যাশিত শিল্প সম্মেলন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) আদলেই হল মাদ্রিদের অনুষ্ঠান। রাজ্য সরকারের প্রতিনিধিদের পাশাপাশি সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেনের চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। প্রতিশ্রুতি রেখে সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এই মঞ্চেই সকলের সামনে রাজ্যের শিল্প পরিকাঠামো নিয়ে বক্তব্য রাখলেন। বললেন, ”সব তৈরি, শুধু আপনাদের আসার অপেক্ষা। একবার অন্তত এসে ঘুরে যান। দেখে যান বাংলার শিল্পবান্ধব পরিবেশ কেমন, কীভাবে কাজ হয়। তারপর আপনারা যোগ্য মনে করলে বিনিয়োগ করবেন। তবে কথা দিতে পারি, বাংলায় শিল্প গড়তে চাইলে কোনও কিছুর অভাব হবে না। আমরা সব নিয়ে প্রস্তুত।”
বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগার (La Liga) সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে বাংলার প্রাপ্তি হতে চলেছে ফুটবল অ্যাকাডেমি। কলকাতা অ্যাকাডেমি (Football Academy) গড়তে চলেছে লা লিগা, সেই মর্মে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তবে নজর ছিল শুক্রবারের শিল্প সম্মেলনের দিকে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আদলে মাদ্রিদের শিল্প সম্মেলন থেকে বাংলার মুখ্যমন্ত্রী কতটা লগ্নি টানতে পারেন, তা নিয়ে কৌতুহল ছিল। আর সেখানেই স্প্যানিশ শিল্পপতিদের তিনি বাংলায় বিনিয়োগে অনুপ্রাণিত করলেন।
Source: Sangbad Pratidin
