স্টুডিওপাড়ায় ফের শুটিং বন্ধের আশঙ্কা! ফেডারেশন-ভেন্ডার গিল্ডসের অশান্তির জল্পনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টুডিওপাড়ায় আবার শুটিং বন্ধের আশঙ্কা। এমনই খবর শোনা যাচ্ছে। কিন্তু কেন? ভেন্ডার্স গিল্ড সঙ্গে কয়েকজন প্রযোজক ও ফেডারেশনের অশান্তির খবর মিলছে। রটনা, ভেন্ডার্স গিল্ডের একাধিক সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অসহযোগিতার অভিযোগও উঠছে।
টলিপাড়ার শুটিংয়ের নানা সরঞ্জাম সরবরাহ করে ভেন্ডার্স গিল্ড। সংগঠনের পুরো নাম সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তার সঙ্গেই নাকি টলিউডের কয়েকজন প্রযোজক এবং ফেডারেশনের (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়া) বনিবনা হচ্ছে না।
[আরও পড়ুন: দেবের ‘বাঘা যতীন’-এ রহমান-যোগ, অভিজ্ঞতা কেমন? জানালেন সংগীত পরিচালক নীলায়ন]
শোনা যাচ্ছে, ভেন্ডার্স গিল্ডের পক্ষ থেকে সংগঠনের সদস্যদের বিশেষ বার্তা পাঠানো হয়েছে। যাতে ফেডারেশন ও গুটিকয়েক প্রযোজকের অসহযোগিতার কথা লেখা রয়েছে। কয়েকজন সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে আবার জানানো হয়েছে, এমনটা যদি চলতে থাকে তাহলে ভেন্ডার্স গিল্ড বনধের রাস্তা বেছে নেবে।
প্রসঙ্গত, স্টুডিও পাড়ায় সিনেমা কিংবা সিরিয়ালের শুটিং সাধারণত ভেন্ডার্স গিল্ডের পাঠানো সরঞ্জাম দিয়েই হয়। যার মধ্যে, লাইট, প্রপসও রয়েছে। তা যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রযোজক, পরিচালকরা বিপাকে পড়বেন। শুটিংও বন্ধ হতে পারে। এক সংবাদমাধ্যমকে ভেন্ডার্স গিল্ডের সভাপতি সৈকত দাস জানিয়েছেন, এভাবে সাপ্লায়ারদের নিষিদ্ধ ঘোষণা করা অনৈতিক। ক্ষমা না চাওয়া হলে সরবরাহ বন্ধ করা হতে পারে বলেও খবর।
[আরও পড়ুন: ‘গুলি করলে করুন! আমি পাঠান…’, আন্ডারওয়ার্ল্ড ডনকে খোলা চ্যালেঞ্জ ছোঁড়েন ‘জওয়ান’ শাহরুখ]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *