জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে ১০-১৫ শতাংশ বাড়াতেই হবে বিমানভাড়া, দাবি স্পাইসজেট কর্তার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে হারে উড়ানের জ্বালানির (ATF) দাম বাড়ছে, অন্যদিকে ডলার তুলনায় টাকার দাম পড়েই চলেছে, তার ফলে এবার বিমানের টিকিটের দাম (Air Fires) বাড়াতেই হবে, জানিয়ে দিলেন বিমান সংস্থা স্পাইস জেটের (Spice Jet) ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং (Ajay Singh)। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে উড়ানের ভাড়া কমপক্ষে বাড়তে হবে কমপক্ষে ১০-১৫ শতাংশ।
কোভিডের (COVID) কারণে দু’মাসের লকডাউনের পর ২০২০ সালের ২৫ মে দূরত্ব অনুযায়ী বিমান ভাড়ার নিয়ম চালু করে কেন্দ্র। বর্তমানে ৪০ মিনিট ও তার কম সয়মের দূরত্বের ক্ষেত্রে পরিষেবা অনুযায়ী বিমান যাত্রায় সবচেয়ে কম ভাড়া ২৯০০ টাকা, সবচেয়ে বেশি ভাড়া ৮৮০০ ঠাকা (জিএসটি ছাড়া)। ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছিল কোভিডের কারণে বিমান সংস্থার ক্ষতি যাতে না হয়, সে কথা ভেবেই। অন্যদিকে ঊর্ধ্বমূল্য বেধে দেওয়া হয় যাত্রীর অতিরিক্ত খরচ বাঁচাতে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Ukraine-Russia War) কারণে গত ২৪ ফেব্রুয়ারি থেকেই ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। ফলে বিমানের ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই বলেই মনে করছে বিমান সংস্থাগুলি।
[আরও পড়ুন: দলে কমছে গুরুত্ব? ত্রিপুরা উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারকের তালিকায় নেই শুভেন্দু]
বৃহস্পতিবার অজয় সিং জানিয়েছেন, ২০২১ সালের জুনের পরে উড়ানের জ্বালানির (ATF) দাম বেড়েছে ১২০ শতাংশ। অজয়ের বক্তব্য, এভাবে জ্বালানির দাম বাড়ায় বিমান সংস্থাগুলি খরচ সামলাতে পারছে না। তিনি বলেন, এখন যা অবস্থা তাতে করে কেন্দ্র ও রাজ্য সরকারের উড়ানের জ্বালানির করে ছাড় দেওয়া উচিত।
স্পাইসজেটের ম্যানেজিং ডিরেক্টর আরও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তার বিমান সংস্থার অপরেশনাল খরচ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। অন্যদিকে টাকার দাম পড়ায় বিভিন্ন ক্ষেত্রে বিমান সংস্থাগুলির খরচ সামাল দেওয়া কঠিন হচ্ছে। এই অবস্থায় বিমান ভাড়া ১০-১৫ শতাংশ বাড়াতেই হবে বলে মনে করেন তিনি।
[আরও পড়ুন: রাহুলকে ইডির জেরার প্রতিবাদ করায় ‘পুলিশি জুলুম’, লোকসভার স্পিকারের কাছে অভিযোগ কংগ্রেসের]
প্রসঙ্গত, শেয়ার মার্কেটের বর্তমান খারাপ পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলছে ভারতীয় মুদ্রা বাজারে। যার দরুণ বুধবার রেকর্ড পতন হয়েছে ভারতীয় টাকার (Indian Rupee) দামে। মঙ্গলবারের তুলনায় আরও ১৮ পয়সা পড়েছে ভারতীয় মুদ্রার দাম। মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৭৮ টাকা ২২ পয়সা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ মার্কিন ডলারের দাম ৭৮ টাকা ২২ পয়সা। যা সর্বকালীন রেকর্ড।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *