নাম রয়েছে ‘বিচারাধীন’ তালিকায়, বাদুড়িয়ায় আতঙ্কে ‘আত্মহত্যা’ যুবকের

রাজ্যে ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল। ভোটার তালিকা ঘিরে উদ্বেগের জেরে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ায়। মৃতের নাম ইসমাইল মোল্লা (৩৬)। বৃহস্পতিবার সকালে পশ্চিম নাটুরিয়া এলাকায় বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ের চূড়ান্ত ভোটার তালিকায় ইসমাইলের নামের পাশে ‘বিচারাধীন’ উল্লেখ থাকায় তিনি বেশ কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন। ভোটের দিনক্ষণ ঘোষণার পর দুশ্চিন্তা আরও বাড়ে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ইসমাইল। পরে তিনি জানতে পারেন, শুক্রবার অতিরিক্ত তালিকা প্রকাশ হতে পারে। সেই খবর শোনার পরই তিনি বাড়িতে ফিরে আসেন। পরিবারের দাবি, বাড়ি ফিরে স্বাভাবিকভাবেই দুই ছেলের সঙ্গে কথা বলেন এবং তাদের আদরও করেন। এরপর তিনি নিজের ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের।
প্রতিবেশীরা জানিয়েছেন, ইসমাইলের দুই ছেলে রয়েছে।একজনের বয়স আট বছর, অন্যজনের বয়স মাত্র দেড় বছর। পরিবারের দাবি, প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরেও প্রথম পর্যায়ের চূড়ান্ত ভোটার তালিকায় ইসমাইলের নামের পাশে ‘বিচারাধীন’ উল্লেখ ছিল। এই কারণে তিনি চরম মানসিক চাপে ছিলেন। এর জেরেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের উদ্বেগ, হয়রানি ও অনিশ্চয়তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *