৪৮ ঘণ্টা ধরে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজারকে ‘ডিজিটাল অ্যারেস্ট’, ১.২৯ কোটি হাতিয়ে উধাও অপরাধীরা

দেশজুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণার ফাঁদ। সেই প্রতারণার ফাঁদে পড়ে এবার সর্বশান্ত হলেন গ্রেটার নয়ডার এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার। ১ কোটি ২৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালাল অপরাধীরা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজারের কাছে অজানা একটি নম্বর ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন, তিনি টেলিকম দপ্তরের আধিকারিক। এরপরই তিনি জানান, ওই প্রৌঢ়ের কাছে যে সিমটি রয়েছে সেটি ব্যবহার করে বেআইনি কার্যকলাপ করা হচ্ছে। সহযোগীতা না করলে তাঁকে গ্রেপ্তার করা হবে। শুনেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অপরাধীরা ওই প্রৌঢ়কে একটি ভিডিও কলও করে। সেখানে তাকে থানার লক আপ দেখানে হয়। শুধু তা-ই নয়, পুলিশের উর্দিধারী কয়েকজনকেও সেখানে দেখা যায়। এই দৃশ্য দেখে আরও আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, প্রতারকরা ওই ব্যাঙ্ক ম্যানেজারকে সর্বক্ষণ নজরদারিতে রেখেছিল। কারও সঙ্গে তাঁর যোগাযোগের অনুমতি ছিল না। এক পর্যায়ে অপরাধীরা তাঁর কাছ থেকে বিপুল টাকার টাকার দাবি করে। ৪৮ ঘণ্টা ধরে প্রৌঢ়কে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখা হয় বলে অভিযোগ। এই সময়কালের মধ্যেই অপরাধীরা তাঁর কাছে থেকে ১ কোটি ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, ‘ডিজিটাল অ্যারেস্টে’র নাম করে প্রতারণা, ক্রমশ মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে তদন্তকারীদের। কখনও সিবিআই, আবার কখনও ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন জায়গা থেকে ‘ডিজিটাল অ্যারেস্টে’র শিকার হওয়ার খবর আসতেই থাকছে।     

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *