বোর্ডের বাধায় বারবার বাতিল বিমান! ১৮ কোটির পেসার যোগ দিতে পারছেন না নাইট শিবিরে 

তাঁকে দলে নেওয়ায় নাইটদের বোলিং বিভাগ আরও শক্তিশালী হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে অজিঙ্ক রাহানের দল অনুশীলনে নেমে গেলেও তিনি এখনও যোগ দেননি। যা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। চোট সারিয়ে সুস্থ হয়ে গেলেও ‘জুনিয়র মালিঙ্গা’কে কেকেআরে যোগ দেওয়ার ব্যাপারে অনুমতিই দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাদের বাধায় প্রতিদিনই মাথিশা পাথিরানার বিমানের টিকিট বুক করে আবারও তা বাতিল করা হচ্ছে বলে খবর।
গতবার অষ্টম স্থানে শেষ করেছিল কেকেআর। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে পাথিরানাকে ১৮ কোটি টাকায় দলে নেয় শাহরুখ খানের দল। শ্রীলঙ্কার এই পেসার ডেথ ওভারে অতীতে আইপিএলে একাই ম্যাচের রং বদলেছেন। সেই তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে চার ওভার বল করার পর উঠে যান। পরে সেই চোটই তাঁকে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। আপাতত তাঁর চোটের অবস্থা অনেকটাই ভালো। তবে পাথিরানাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই কারণে আইপিএল খেলার জন্য তাঁকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি।
কেকেআর সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রাখা হলেও এখনও পর্যন্ত নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। সংবাদসংস্থা পিটিআই-কে নাইটদের এক কর্তা বলেছেন, “ও কবে শিবিরে যোগ দেবে, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। প্রায় প্রতিদিনই ওর জন্য টিকিট বুক করে আবার বাতিলও করা হচ্ছে।” অন্যদিকে, পাথিরানার ম্যানেজার অমিলা কালুগালাগে সোশাল মিডিয়ায় কেকেআর জার্সিতে পাথিরানার ছবি পোস্ট করে জল্পনা বাড়িয়ে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করা হলেও এই পোস্টে আশার আলো দেখছেন সমর্থকরা।
৩২টি আইপিএল ম্যাচে ৮.৬৮ ইকোনমিতে ৪৭টি উইকেট নিয়েছেন পাথিরানা। তবে গত আইপিএল বিশেষ ভালো যায়নি তাঁর। ওভারপিছু দশের উপর রান দিয়েছিলেন। ১২ ম্যাচে পেয়েছিলেন ১৩টি উইকেট। তবে কেকেআরের অন্যান্য পেসারদের গাইড করতে ফিজের অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছে ক্রিকেটমহল। তবে এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা বোর্ড কেন নাইটদের বোলিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা পাথিরানাকে এখনও পর্যন্ত শিবিরে যোগ দেওয়ার অনুমতি দিচ্ছে না, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *