শাবল-হাতুড়ি থেকে মদ-মাংস, কলকাতা মেট্রোয় নিষেধের নয়া তালিকা

আড়ে-বহরে বেড়েছে শহরের পাতালপথ। আগামিদিনে আরও বাড়বে। শহরের গণ্ডি ছাড়িয়ে সে এখন মফস্বলেও। বেড়েছে বিপুল যাত্রী। কিন্তু সেই যাত্রীদের একাংশই মেট্রোয় চড়ার বিষয়ে ওয়াকিবহাল নন। তাঁদের ব্যাগেও থাকছে এমন সব জিনিস, যা মেট্রোয় বহন করা বেআইনি। তাই তাদের জন্য এবার একাধিক মেট্রো স্টেশনে মেট্রোয় বহন করা যাবে না এমন জিনিসের তালিকা টাঙিয়ে দিল কর্তৃপক্ষ। যারা তারপরও এই সব জিনিস বহন করবেন, তাঁদের শাস্তির কথা স্মরণও করিয়ে দেওয়া হচ্ছে সেখানে।
মেট্রোর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানাচ্ছেন, অনেকে রয়েছেন, যাঁরা রাজমিস্ত্রির কাজ করেন, তাঁদের ব্যাগে ছেনি, হাতুড়ি, শাবল, কড়াই, অনেকসময় থাকে। সেই ব্যাগ তাঁরা স্ক্যানারে ঢোকাতে চান না। কারণ আটকে যাবেন। আর তা নিয়েই বাধে বিতণ্ডা। এই ঝক্কি এড়াতেই তাই কোন কোন জিনিসের প্রবেশ মেট্রোয় নিষেধ তার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। অনেকে জানেন না চারাগাছ নিয়েও মেট্রোয় প্রবেশ করা যায় না। এমনকী কাঁচা মাংস, মাছ, মদ বহু জিনিস আছে, যেগুলো মেট্রোয় নিয়ে ওঠা যায় না, অথচ আমরা তা জানি না।মেট্রোর তরফে জানানো হয়েছে, ধারালো বস্তুর মধ্যে তরবারি, মাংস কাটার বড় ছুরি, চার সেন্টিমিটারের বেশি দীর্ঘ ব্লেডযুক্ত ছুরি এবং কাঁচি নিয়ে মেট্রোয় ওঠা বেআইনি।
বিস্ফোরক পদার্থের মধ্যে ডিনামাইট, গান পাউডার, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড, প্লাস্টিক বিস্ফোরক। এছাড়া সরঞ্জামের মধ্যে রয়েছে বড় ও ছোট কুঠার, শাবল, হাতুড়ি, কাটারি, করাত, স্ক্রু-ড্রাইভার। দাহ্যবস্তুর মধ্যে পেট্রোলিয়াম, মদ, সকল ধরনের স্পিরিট, অন্যান্য দাহ্য তরল, বড় ব্যাটারি-সহ আরও বেশ কিছু জিনিস রয়েছে, যা নিয়ে মেট্রোয় ওঠা শাস্তিযোগ্য অপরাধ। মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন, বহু মানুষ না জেনে এইসব জিনিস নিয়ে মেট্রোয় চড়তে আসেন। টিকিট কেটেও ফেলেন। কিন্তু ঢোকার সময় আটকে যান। আর তা নিয়েই বাধে আরপিএফের সঙ্গে বচসা।
নিষ্ক্রিয়কারী রাসায়নিক এবং অন্যান্য বিপজ্জনক বস্তুর মধ্যে মেট্রোর নিষেধ রয়েছে, তেজস্ক্রিয় পদার্থ, অ্যাসিড, বিষাক্ত পদার্থ, কাঁদানে গ্যাস। আর দাহ্য বস্তুর মধ্যে রয়েছে, মানবভস্ম, মৃতদেহ, মানব কঙ্কাল, মানবদেহের অংশ, মৃত প্রাণীর দেহাবশেষ, ব্লিচ করা এবং পরিষ্কার করা হাড়, সিল না করা উদ্ভিদ, চারাগাছ, সিল না করা কাঁচা মাংস, মাছ ইত্যাদি। তবে তা নিয়ে যদি কেউ ধরা পড়েন, তবে তাঁকে ৫০০ টাকা জরিমানা এবং চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *