শাহরুখকে টেক্কা রণবীরের, গত ৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর ২’

ছবি মুক্তির আগেই একের পর এক রেকর্ড গড়ছে ‘ধুরন্ধর ২’। এই ছবির জনপ্রিয়তা এতটাই যে মুম্বইয়ের ঐতিহ্যবাহী মারাঠা মন্দিরেও দেখানো হবে ছবিটি। এই মারাঠা মন্দিরে গত ৩০ বছর ধরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে দেখানো হয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। তবে এবার বদলাচ্ছে শো টাইম। এবার সেই শো-তে দেখানো হবে ‘ধুরন্ধর ২’। এছাড়া মুম্বই ও থানে-সহ বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে মধ্য়রাতেও শো শুরু হচ্ছে। প্রয়োজনে চব্বিশ ঘণ্টা শো চালু হতে পারে বলেও শোনা যাচ্ছে।
“এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…”, এহেন সংলাপেই ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ‘ধুরন্ধর’-এর দ্বিতীয়ভাগের ঝলকে উন্মাদনার পারদ চড়ান ‘হামজা আলি’ ওরফে রণবীর সিং। কিন্তু টিজার প্রকাশ্যে আসার পরই আইনি গেরোয় পড়তে হয়েছিল ‘ধুরন্ধর ২’ নির্মাতাদের। নিয়মিত প্রশাসনের পর্যবেক্ষণে থাকা এলাকায় অবৈধভাবে ড্রোন চালানোয় অভিযোগ দায়ের করেছিল মুম্বই পুলিশ। পরিচালক আদিত্য ধরের সংস্থার বিরুদ্ধে খড়্গহস্ত বৃহন্মুম্বই পুরসভাও! ‘ধুরন্ধর ২’-এর শুটিং চলাকালীন একাধিকবার নাকি আইন লঙ্ঘন করেছে আদিত্য ধরের টিম। আর সেই প্রেক্ষিতেই সংশ্লিষ্ট সংস্থাকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় মুম্বই পুরসভা।
তবে ট্রেলার প্রকাশ্যে আসার পরই রণবীর ভক্তরা ঝড়ের গতিতে টিকিট কিনতে শুরু করেছেন। পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। এবার পর্দায় ‘হামজা’ আরও দানবীয়, আরও ভয়ংকর। পর্দায় মুক্তির আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা। ক্রমশ চড়ছে উৎসাহের পারদ। হিসাব বলছে, প্রায় ১৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল মুক্তি পাবে মোট পাঁচটি ভাষায়। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় এই ছবি দর্শকের দরবারে আসবে।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *