পাহাড়ে অনীত থাপার দলকে সমর্থন, ৩ আসনে লড়বে না তৃণমূল

বিধানসভা ভোটে পাহাড়ে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। তিনটি আসন তাঁদের ছেড়ে দিল বাংলার শাসক দল। কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং এই তিন জেলায় কোনও প্রার্থী দিচ্ছে তৃণমূল। আজ, সোমবার তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন।
প্রার্থী তালিকা প্রকাশের আগে তৃণমূল নেত্রী বিজেপি ও নির্বাচন কমিশনকে ফের আক্রমণ করেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার ২৯১টি আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। দার্জিলিংয়ে অনিত থাপার দলকে পাহাড়ের তিনটি আসন লড়াইয়ের জন্য ছেড়ে দেওয়া হল। কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং এই তিনটি বিধানসভা আসনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সমর্থন করবে তৃণমূল। প্রসঙ্গত, নির্বাচন কমিশন রাজ্যে ভোট ঘোষণার পরই তিন আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছিলেন অনীত থাপা। সেই ঘটনার পরই পাহাড়ের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল। বিজেপির বিরুদ্ধে অনীত থাপার দল একাই লড়বে? প্রার্থী না দিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সমর্থন করবে তৃণমূল?
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আত্মবিশ্বাসী, আমরা জিতব। ওরা বসন্তের কোকিল। আমরা মানুষের সঙ্গে ৩৬৫ দিন থাকি।” যাঁদের প্রার্থী করা গেল না, তাঁরা যেন ভুল না বোঝেন। তাঁদের দলের অন্য কাজে নিযুক্ত দেওয়া হবে। সেই কথা জানিয়েছেন দলনেত্রী। গত কয়েক দশক ধরেই পাহাড়ের রাজনীতিতে একাধিক সমীকরণ বদল হয়েছে। পাহাড়ের রাজনীতিতে একাধিক মুখও উঠে এসেছে। বিমল গুরুং পরবর্তী সময়ে এই মুহূর্তে পাহাড়ে নেতৃত্বের মুখ অনীত থাপা। পাহাড়ে জিটিএ-সহ দার্জিলিং পুরসভা দখলে রয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার। পাহাড়ে উন্নয়নের কাজ চলছে তাঁদের হাত ধরেই। রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে অনীত থাপাও কাজ করতে ইচ্ছুক।
অনীত থাপা রবিবারই পাহাড়ের তিন কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। দার্জিলিং বিধানসভা কেন্দ্র থেকে বিজিপিএমের প্রার্থী বিজয়কুমার রাই। কালিম্পংয়ে ফের প্রার্থী হচ্ছেন গতবারের বিধায়ক রুদেন সদা লেপচা। কার্শিয়াংয়ে প্রার্থী হচ্ছেন অমর লামা। সদস্যদের মতামত নিয়েই এই প্রার্থী বাছাই বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে পাহাড়ে প্রচারও শুরু করে দিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ব্যানার, ফ্লেক্স তৈরির কাজও চলছে। আগামী কাল, মঙ্গলবার থেকেই বিভিন্ন এলাকায় পোস্টারিং, পতাকা লাগানোর কাজ শুরু হবে বলে খবর।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *