‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরে সিলমোহর! মাত্র ২৪ ঘণ্টা আগেই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, নন্দীগ্রামের মতো রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়বেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পবিত্র কর। মঙ্গলবার সকালে তার কিছুটা মিলিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান করেছিলেন তিনি। আর বিকেলে দেখা গেল, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তাঁর নামই ঘোষণা করলেন অভিষেক। এ একেবারে ‘কাঁটা দিয়ে কাঁটা’ তোলার পথে হাঁটল শাসক শিবির। নন্দীগ্রামের ভোট ময়দানে লড়াইয়ে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁরই একসময়ের সুহৃদ পবিত্র কর।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র করের।ছবি: এক্স হ্যান্ডল।
মঙ্গলবার রাজ্যের ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। পাহাড়ের তিনটি আসনে সরাসরি লড়াই করবে না শাসকদল, সেখানে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমের তিন প্রার্থীকেই সমর্থন জানাবেন, এমনই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ২৯১ আসনের মধ্যে নন্দীগ্রাম ছাড়াও আরেক চমক ময়নার প্রার্থী নির্বাচন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পাশাপাশিএই কেন্দ্রও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রের প্রার্থী হলেন চন্দন মণ্ডল। এই নেতাও শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং বিজেপি থেকে মাস খানেক আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন।
ময়নার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। ফাইল ছবি
Source: Sangbad Pratidin
