ODI World Cup 2023: টসেই বাজল বিদায় ঘণ্টা, ইডেনে ম্যাচের শুরুতেই ছিটকে গেল পাকিস্তান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টসেই বেলাশেষের গান শুনে ফেলল পাকিস্তান। ইডেন গার্ডেন্সে শনিবার পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচ। ইংল্যান্ড আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। পাকিস্তানও কার্যত ছিটকে গিয়েছে মেগাইভেন্ট থেকে। টসের আগে প্রায় বন্ধ হয়ে যাওয়া দরজা থেকে ক্ষীণ আশার আলো ভেসে আসছিল বাবর আজমদের জন্য। কিন্তু টসের পরে সেই আশাও শেষ হয়ে গেল। শেষ চারে পৌঁছতে হলে পাকিস্তানকে অসম্ভবকে সম্ভব করতে হতো। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা ঠিকই। কিন্তু যে সমীকরণ পাকিস্তানের সামনে, তাতে সেমিফাইনালে যাওয়া সম্ভবই নয়। প্রথমে পাকিস্তান  ব্যাট করলে তাও একটা চেষ্টা হয়তো করতেন শাহিন-বাবররা। কিন্তু টস জিতে ইংল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের আশা শেষ হয়ে যায়। 
ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান প্রথম ব্যাট করলে তাদের ৩০০ রান তুলতেই হতো। এর পর জস বাটলারের দলকে অলআউট করতে হতো ৩০ রানের মধ্যে। আর ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩০০ রান স্কোরবোর্ডে তুললে, পাকিস্তানকে সেই রান মাত্র ৬ ওভারের মধ্যে চেজ করতে হবে! যা একেবারেই অসম্ভব। ভাঙা মন নিয়ে খেলতে নেমেছিলেন বাবররা। টসের পরে আনুষ্ঠানিক বাদে বিদায় ঘটে গেল পাকিস্তানের। 
 
 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *