‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, হাসিনা সরকারের পাশে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা ভারতের

সুকুমার সরকার, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামাত ও তাদের সমমনা ইসলামপন্থী দলগুলোর কট্টর আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। অবাধ নির্বাচন কীভাবে হবে তা নিয়ে জবাব চেয়েছে আমেরিকা ও ব্রিটেন। এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে মতামত দিল ভারত। বার্তা দিল পাশে থাকার।   
বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে এবং সে দেশের জনগণই তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। আমরা তৃতীয় কোনও দেশের নীতি নিয়ে মন্তব্য করতে চাই না।” বাগচি আরও বলেন, “ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসাবে, আমরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি এবং স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল জাতি গঠনে ঢাকার লক্ষ্যে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।” 
হাসিনা সরকারকে হটাতে ৩-৪ দিন করে বন্ধ-অবরোধের পর এবার বিএনপি (BNP) চতুর্থ দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে চতুর্থ দফার এই অবরোধ। বিএনপির এই আন্দোলনে সরাসরি সমর্থন না দিলেও আসন্ন নির্বাচন ইস্যুতে আওয়ামি লিগের বিপক্ষে রয়েছে ব্রিটেন-কানাডা-সহ ইউরোপীয় ইউনিয়ন। তারা কেবল আওয়ামি লিগ সরকারের দোষ-ত্রুটি খুঁজেই বেড়াচ্ছে। এবার এই প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত।
[আরও পড়ুন: ‘মেয়েরা লিপস্টিক লাগাচ্ছে, মানুষ ভালোই আছে’, বাংলাদেশের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক]

অপরদিকে সাম্প্রতিক বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে। বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষ এবং দলের একাধিক নেতাকে গ্রেপ্তার কাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক ও নিরাপত্তা নীতির সংক্রান্ত বিষয়ের শীর্ষ প্রতিনিধি জোসেপ বোরেল বলেন, “বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানাচ্ছি। আমরা সব পক্ষকে হিংসা থেকে বিরত থাকার আবেদন জানাচ্ছি।” বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে যুক্ত করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রক্রিয়া নিশ্চিত হোক, এমনটা চায় কানাডার হাউস অব কমন্সের আট সদস্য। নিজেদের এই প্রত্যাশার কথা জানিয়ে তাঁরা প্রধানমন্ত্রী হাসিনাকে চিঠিও লিখেছেন।
এদিকে শেখ হাসিনার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে দাবি করেছিল। কিন্তু বৃহস্পতিবার আওয়ামি লিগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নির্বাচনে বিএনপি অংশ নেবে। মনোনয়ন বাণিজ্যের জন্য হলেও তারা নির্বাচনে আসবে। তারেক জিয়া সেই সুযোগ নষ্ট করবেন না।”
[আরও পড়ুন: ভোটমুখী বাংলাদেশে ‘আগুন সন্ত্রাস’ বিএনপি-জামাতের]
বিএনপি-জামাতের ডাকা অবরোধ কর্মসূচিতে গত ১৩ দিনে রাজধানী ঢাকায় ৬৪টি গাড়িতে আগুন লাগিয়ে ও ভাঙচুর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড.মহিদ উদ্দিন বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে চতুর্থ দফায় অবরোধের ডাক দিয়েছে বিএনপি।’ ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি দাবি করেছে, বিএনপি-জামাতের বন্‌ধ-অবরোধে ২০০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *