সোমনাথ রায়, নয়াদিল্লি: “দিল্লির দূষণ (Delhi Air Polution) নিয়ে রাজনৈতিক লড়াই চলতে পার না, মানুষের স্বাস্থ্যকে খুন করা হচ্ছে।” রাজধানীর দূষণ নিয়ে মঙ্গলবার কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানো নিয়ে চরম হুঁশিয়ারি দিল আদলত। দুই রাজ্যকে অবিলম্বে এক কাজ বন্ধ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।
গত এক সপ্তাহ ধরে দিল্লির বাতাসের গুণগত মান ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে। যার জেরে রাজধানীর সমস্ত স্কুল ১০ নভেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়াও গতকাল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকের পর জোড়-বিজোড় গাড়ির বিধি ফেরানো-সহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মঙ্গলবার আদালত বুঝিয়ে দিল ‘মরণ কালে হরির নামে’র মতো এই ধরনের ব্যবস্থায় আদৌ লাভ হবে না। বরং ভয়াবহ দূষণ নিয়ে প্রতিবেশী রাজ্যগুলিকে ভর্ৎসনা করলেন বিচারপতিরা।
উল্লেখ্য, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানো নিয়ে বিতর্ক দীর্ঘ দিনের। রাজধানীর সাম্প্রতিক ধোঁয়াশার পর এই বিষয়ে অভিযোগ করেছিলেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। শীর্ষ আদালত এদিন পাঞ্জাব সরকারকে নির্দেশ দিল, “শস্যের গোড়া পোড়ানো বন্ধ করতে হবে। কীভাবে করবেন জানি না। এটা আপনাদের দায়িত্ব। কিন্তু এটা অবিলম্ব বন্ধ হওয়া উচিত। অবিলম্বে পদক্ষেপ প্রয়োজন।”
Source: Sangbad Pratidin
