নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজ্য সরকার চাকরি দিতে চায়। নিয়োগ আটকে রেখেছে সিবিআই! দিল্লি থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিঁধে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সিবিআই তদন্তের নিট ফল শূন্য। সারদা, রোজভ্যালি কাণ্ডে সিবিআই তো তদন্ত করছে। কিন্তু কতজন উপভোক্তা টাকা ফেরত পেয়েছেন? নিয়োগ দুর্নীতি কাণ্ডেও তদন্ত চলছে. কিন্তু কতজন নিয়োগ পেয়েছে? দিল্লিতে দাঁড়িয়ে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে অভিষেকের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের কর্মসূচি কী হবে? সেই রণকৌশল ঠিক করতে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক। সেখান থেকে বেরিয়ে আরও একদফা সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখান থেকেই তিনি নিয়োগপ্রার্থীদের উদ্দেশ্যে বার্তা দেন। বলেন, “রাজ্য সরকার তো চাকরি দিতে চায়। কিন্তু তদন্ত চলছে।” এর পরই তাঁর প্রশ্ন, “কতজন চাকরি পেয়েছে? সারদা, রোজভ্যালি কাণ্ডেও তদন্ত করছে সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায় তো শ্যামল সেন কমিশন গড়ে টাকা ফেরত দিতে চেয়েছিল। কিন্তু তদন্তে কতজন টাকা ফেরত পেল?”
Source: Sangbad Pratidin
