বন্ধুদের সাহায্যে অন্য স্কুলে ঢুকে নাবালিকাকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার নাবালক

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: স্কুলে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণ। কাঠগড়ায় এক নাবালক। ন্যক্কারজনক ঘটনার সাক্ষী দার্জিলিংয়ের মিরিক মহকুমার একটি স্কুলে। প্রায় এক সপ্তাহ আগের ঘটনাটি ধামাচাপা দেওয়ারও অভিযোগ উঠল নাবালকের পরিবারের বিরুদ্ধে। যদিও পরবর্তীতে নাবালিকার পরিবারের তরফে সমস্ত চাপ উপেক্ষা করা হয়। মিরিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নাবালককে গ্রেপ্তার করে হোমে পাঠানো হয়েছে। ওই নাবালকের কয়েকজন বন্ধুর এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
গত ১২ সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযুক্ত নাবালক অন্য স্কুলে পড়ে। তবে তার বেশ কয়েকজন বন্ধু নাবালিকার স্কুলেই পড়ে। সেই সুযোগে স্কুলে ঢোকে অভিযুক্ত নাবালক। অনুষ্ঠানের শেষে একটি ক্লাসরুমে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই সময় বাকি বন্ধুরা কী করছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: বীরভূম থেকে মুছল অনুব্রতর নাম-ছবি! আমূল বদলে গেল নানুরের দলীয় কার্যালয়]
স্থানীয়দের দাবি, অভিযুক্তের বাবা প্রভাবশালী হওয়ায় প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষমেষ নির্যাতিতা নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দার্জিলিংয়ের জেলা বিদ্যালয় পরিদর্শক (হিল) রবিনা তামাং বলেন,  “এমন ঘটনা কীভাবে হয়েছে, তা তদন্তসাপেক্ষ। স্কুলে এমন ঘটনা ঘটার পিছনে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।”মিরিকের এসডিপিও রুদ্রনারাযণ সাহু বলেন,  “অভিযোগ পাওয়া মাত্র ঘটনায় পদক্ষেপ করা হয়েছে। পকসো ধারায় মামলা রুজু হয়েছে। আমরা তদন্ত করছি।”
[আরও পড়ুন: পুজোর শুভেচ্ছায় ‘শুভনন্দন’, শারদোৎসবের বিজ্ঞাপনে জায়গা করে নিল মুখ্যমন্ত্রীর বলা শব্দ]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *