সুমিত বিশ্বাস: তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত (ST) হওয়ার দাবিতে কুড়মিদের রেল রোকো, রাস্তা অবরোধ কর্মসূচিকে ‘বেআইনি’ বলে ঘোষণা করল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। রেল ও রাস্তা আটকে কুড়মিদের অনির্দিষ্টকালীন অবরোধ ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’। সম্প্রতি এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এমনই জানিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের বেঞ্চ।
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়ার (Purulia) কুস্তাউর ও খড়গপুর ডিভিশনের পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে বুধবার, ২০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালীন অবরোধের ডাক দিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। আদিবাসী তালিকাভুক্ত দাবির বিষয়ে রাজ্য সরকার কমেন্ট-জাস্টিফিকেশন পাঠায়নি, এই অভিযোগ তুলে নতুন করে রেল ও সড়ক অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছিল। এর বিরোধিতায় জনস্বার্থ মামলা (PIL) করেছিলেন পুরুলিয়া চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি গোবিন্দ মুখোপাধ্যায়।
[আরও পড়ুন: পদ্ম সংসারে তুমুল অশান্তি, রাজ্য অফিসে রাহুল-দিলীপের ঘর ভাঙার পরিকল্পনা]
সেই মামলার পরিপ্রেক্ষিতে আদিবাসী কুড়মি সমাজের কর্মসূচিকে উচ্চ আদালত ‘বেআইনি’ ঘোষণা করায় বড় ধাক্কার মুখে পড়ল বলে মনে করা হচ্ছে। কর্মসূচি রুখতে ৩৬ ঘণ্টা আগেই ব্যাপক পুলিশ মোতায়নে অবরোধস্থল ঘিরে রেখেছে পুলিশ।সোমবার সন্ধ্যে থেকেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আর মঙ্গলবার সকাল থেকে রেলের প্লাটফর্মের চারপাশে কাঁটাতার ও বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।
[আরও পড়ুন: ২৪-এর আগে চমক, লোকসভায় পেশ মহিলা সংরক্ষণ বিল]
এই বিষয়ে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর প্রতিক্রিয়া নিতে তাঁকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। তাঁর দুটি মোবাইলই বন্ধ রয়েছে।
Source: Sangbad Pratidin
