অর্ণব দাস, বারাকপুর: বারবার চেয়েও মেলেনি ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের কাগজ। তার বদলে জুটেছে মারধর। ফেটেছে কপাল। মহিলা চিত্রশিল্পীর এমনই অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল সোদপুর এলাকায়। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও পুলিশি অভিযোগের খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, শিল্পীর নাম উপাসনা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ২০১২ সালের আগে সোদপুর স্টেশনরোড সংলগ্ন এলাকায় একটি ফ্ল্যাট কেনেন তিনি। যার পুরো টাকা প্রোমোটারকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু এত বছর কেটে যাওয়ার পরও রেজিস্ট্রেশনের কাগজ হাতে পাননি। এ নিয়ে নিত্যদিন কথা কাটাকাটি লেগেই থাকত। শিল্পীর দাবি, তিনি বহুবার সেই কাগজপত্র চেয়েছিলেন। কিন্তু তা হাতে পাননি।
[আরও পড়ুন: বুসান চলচ্চিত্র উৎসবে ‘রকি রানি’র পাশাপাশি সুদীপ্তা-সুমনের ছবি ‘দ্য স্ক্যাভেঞ্জার অফ ড্রিমস’ ]
এই সমস্যায় ঘৃতাহুতি পড়ে গত শুক্রবার। চিত্রশিল্পী ও তাঁর পরিবার বাইরে গিয়েছিলেন। অভিযোগ, বাড়ি ফিরেই তিনি দরজায় তালা দেখতে পান। বোঝেন এ কাজ প্রোমোটার ও তাঁর দলবলের। তারপর আচমকাই মারধর শুরু করে দেয়। শিল্পীর মাথায় আঘাত লেগেছে বলে অভিযোগ। ঘটনায় তাঁর বৃদ্ধা মা-ও নাকি আঘাত পেয়েছেন।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষোভ উগরে দেন উপাসনা বন্দ্যোপাধ্যায়। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত স্থানীয় থানায় কোনও অভিযোগ দায়ের করার খবর পাওয়া যায়নি। প্রোমোটারের পক্ষ থেকেও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদি লিখিত অভিযোগ পাওয়া যায়, তবেই পুলিশের পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলেই জানানো হয়েছে।
[আরও পড়ুন: ‘ওঁ’ ধ্বনিতে প্রকাশিত ‘দশম অবতার’-এর ফার্স্টলুক, কোলাজে প্রসেনজিৎ-যিশু-জয়া-অনির্বাণ]
Source: Sangbad Pratidin
