Partha Chatterjee: বুকে ব্যথা, ভুবনেশ্বর নেমে ইশারায় বোঝালেন পার্থ, এইমসে ঢোকার পথে বিক্ষোভ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসকেএমের চিকিৎসা নিয়ে সংশয় প্রকাশ করে গ্রেপ্তার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ভুবনেশ্বরের এইমসে ভরতি করা হয়েছে। সোমবার সকালেই তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর (Bhubaneswar)। বিমানবন্দর থেকে সরাসরিই এইমসে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুল্যান্স থেকে নামার পরই তাঁকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, কেমন আছেন? মুখে কোনও কথা ছিল না তাঁর। শুধু বুকে হাত দিয়ে ইশারায় বোঝালেন, ভাল নেই, বুকে ব্যথা রয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক শারীরিক অসুস্থতা আছে। হার্টের সমস্যা, হাঁটুর ব্যথা, থাইরয়েড – নানাবিধ অসুস্থতায় ভুগছেন তিনি। এই অবস্থায় টানা জেরার পর শনিবার তাঁকে গ্রেপ্তারের পর প্রথমে জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা হয়। পরে আদালতে পেশ করার সময় তিনি অসুস্থ বোধ করেন। ২ দিনের ইডি (ED) হেফাজতের নির্দেশ দেওয়ার পর মন্ত্রীকে এসএসকেএমে পাঠাতে বলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। তাতে ইডি আপত্তি জানায়। রবিবার এই নিয়ে হাই কোর্টে সওয়াল-জবাবে পর পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমসে স্থানান্তরিত করার নির্দেশ দেন।
সেইমতো সোমবার সকালে তাঁকে এয়ার অ্য়াম্বুল্যান্সে সেখানে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। স্বভাবতই নিরাপত্তা বলয় আঁটসাঁট করা হয় পার্থ চট্টোপাধ্য়ায়ের ভরতির সময়। আর তার জেরেই গেটের সামনে বিক্ষোভের পরিবেশ তৈরি হয়। তাঁরা প্রশ্ন তোলেন, কেন হাইপ্রোফাইল মন্ত্রীকে উড়িয়ে এনে এইমসে চিকিৎসা করানোর জন্য আমজনতাকে বঞ্চিত হতে হবে?  বাংলার নানা জেলা থেকে ভুবনেশ্বর এইমসে চিকিৎসা করাতে যান। তাঁরা ভোর থেকে লাইন দিয়ে চিকিৎসা পরিষেবা পান। কিন্তু রাতারাতি বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেখানে ভরতি হওয়ার কারণে নিরাপত্তার দোহাই দিয়ে তাঁদের অপেক্ষা করিয়ে রাখা হয়েছে বলে অভিযোগে ফেটে পড়েন রোগীর পরিবারের  সদস্যরা।
এদিকে, এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসায় চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরা মন্ত্রীর সমস্ত শারীরিক পরীক্ষা করবেন। তারপর ভারচুয়ালি সেসব রিপোর্ট পেশ করা হবে কলকাতায় ইডির বিশেষ আদালতে।  

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *