সিংহের গুহায় ঢুকে সিংহশিকার, বিশ্বকাপের যোগ্যতা পর্বে মনবীরের গোলে কুয়েতকে হারাল ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিংহের গুহায় ঢুকে সিংহশিকার। আর কীভাবেই বা একে ব্যাখ্যা করা সম্ভব। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে কুয়েতের মাঠে কুয়েতের বিরুদ্ধে খেলা ছিল ভারতের। আর সেই ম্যাচে ভারত জিতল ১-০ গোলে। ৭৫ মিনিটে মনবীর সিং গোলটি করেন ভারতের হয়ে। সেই গোল আর শোধ করতে পারেনি কুয়েত।
বিশ্বকাপ ক্রিকেট চলছে দেশের মাঠে। দুদ্দাড়িয়ে খেলে রোহিত শর্মার দল ফাইনালে পৌঁছেছে। ১৯ তারিখ মেগা ফাইনাল। রোহিত শর্মার হাতে বিশ্বকাপ ওঠে কিনা সময় বলবে।
বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বিদেশের মাঠে গিয়ে সুনীল ছেত্রীদের এই জয় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দুই খেলাতে দেশের এই সাফল্য নিঃসন্দেহে ক্রীড়াপ্রেমীদের আশান্বিত করবে।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু খেলার ৭৫ মিনিটে ছবিটাই বদলে যায়। বাঁ দিক থেকে ছাংতে বল বাড়িয়েছিলেন মনবীরকে লক্ষ্য করে। মনবীরের শরীরের সঙ্গে লেগে তখন কুয়েতের ডিফেন্ডার। মনবীরের বাঁ পায়ের শট কুয়েতের গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।
এই কুয়েতকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাডেন ডেথে হারিয়েছিলেন সুনীল ছেত্রীরা। এই ম্যাচের আগে সাফ চ্যাম্পিয়নশিপে দুবার মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। দুবারই ভারত ছিল অপরাজিত। এবার তো কুয়েতকে মাটি ধরাল। কুয়েতে আসার আগে সুনীল ছেত্রীরা দোহায় পাঁচ দিনের শিবির করেন নাওরেম মহেশরা। এই মরশুমে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় দল। ঘরের মাঠে এগারোটি ম্যাচের মধ্যে নটি ম্যাচ জিতেছে তারা। দুটিতে ড্র করেছে। কুয়েতের ঘরের মাঠে গিয়ে রূপকথা লিখল ভারত।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *